‘গবাদিপশুর টিকা উত্পাদনে অত্যাধুনিক ল্যাব স্থাপন হবে’

ইত্তেফাক রিপোর্ট

গবাদিপশু-পাখির টিকা উত্পাদনে স্বয়ংসম্পূর্ণতা অর্জনে শিগগির দেশে অত্যাধুনিক ল্যাব স্থাপন করা হবে বলে জানিয়েছেন মত্স্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী আশরাফ আলী খান খসরু। তিনি বলেন, বর্তমানে ঢাকা ও কুমিল্লার ল্যাবসমূহে আমাদের চাহিদার মাত্র ১০ শতাংশ টিকা উত্পাদিত হয়। বাকি ৯০ শতাংশ আমদানি করে চাহিদা মেটানো হয়। তিনি টিকা আমদানির বদলে স্বয়ংসম্পূর্ণতা অর্জনে আরো দক্ষতা ও নিষ্ঠার সাথে কাজ করতে সংশ্লিষ্টদের প্রতি আহবান জানান। গতকাল রবিবার রাজধানীর মহাখালীস্থ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউট পরিদর্শন শেষে আয়োজিত এক সভায় তিনি এসব কথা বলেন।

প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউটের পরিচালক মোঃ আইনুল হকের সভাপতিত্বে সভায় সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিব রইছউল আলম মণ্ডল, অতিরিক্ত সচিব (প্রাণিসম্পদ) কাজী ওয়াসিউদ্দিন, মন্ত্রণালয়ের যুগ্মপ্রধান লিয়াকত আলী, প্রাণিসম্পদ অধিদফতরের ডিজি হীরেশ রঞ্জন ভৌমিক বক্তৃতা করেন।

উল্লেখ্য, প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউটে গরু, ছাগল-ভেড়া এবং হাঁস-মুরগির বিভিন্ন রোগের প্রতিষেধক হিসেবে তিনটি আধুনিক ল্যাবে মোট ১৭ প্রকার টিকা উত্পাদন করা হয়।