একাদশ জাতীয় সংসদ নির্বাচন

নাটোরে আওয়ামী লীগ প্রকাশ্যে আর বিএনপি কৌশলে প্রচারণা চালাচ্ছে

ঐতিহ্য ও ইতিহাসের গন্ধমাখা উত্তরবঙ্গের অন্যতম জেলা নাটোর বরাবরই আলোচিত রাজনীতিতে। গত দুই দশকে এদেশের সরকারগুলোর মন্ত্রিসভায় ছিল নাটোরের ধারাবাহিক প্রতিনিধিত্ব। নাটোরের চারটি আসনের তিনটি দশম জাতীয় সংসদ নির্বাচনে ‘প্রতিদ্বন্দ্বিতাশূন্য’ থাকায় তেমন আগ্রহ ছিল না ভোটারদের। তবে একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে ভোটের প্রায় এক বছর আগেই বইছে নির্বাচনী হাওয়া। সম্ভাব্য প্রার্থীরা কড়া নাড়ছেন ভোটারদের দ্বারে দ্বারে। বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে যোগ দিয়ে সম্ভাব্য প্রার্থীরা তাদের প্রতিদ্বন্দ্বিতা জানান দিচ্ছেন।  আওয়ামী লীগের প্রার্থীরা আনেকটা প্রকাশ্যেই আগাম প্রচারণা চালালেও প্রধান বিরোধী দল বিএনপি কৌশলে তাদের প্রচারণা চালাচ্ছে।

 কৌশলে হলেও বিএনপির এমন প্রচারণা বলে দিচ্ছে এবার নির্বাচনে মাঠে থাকছে বিএনপি। সেই সঙ্গে জাতীয় পার্টিসহ সমমনা অন্যান্য রাজনৈতিক দলগুলোও নিজেদের প্রস্তুত করছে নির্বাচনের জন্য। তবে মূল লড়াই হবে নৌকা ও ধানের শীষের প্রার্থীদের মধ্যে। ১৯৯৬ সালের নির্বাচনে নাটোরের চারটি আসনের মধ্যে তিনটিতে বিএনপি ও একটিতে আওয়ামী লীগ নির্বাচিত হয়। ২০০১ সালের নির্বাচনে বিএনপি চারটি আসনেই জয়লাভ করে। ২০০৯ সালের নির্বাচনে আওয়ামী লীগ তিনটি ও জাতীয় পার্টি একটি আসন লাভ করে। ২০১৪ সালে জেলার চারটি আসনই আওয়ামী লীগ জয়লাভ করে। সেই হিসেবে বিএনপি চায় তাদের হারানো আসনগুলো ফিরে পেতে আর নৌকার প্রার্থীরা চায় জয়ের ধারা অব্যাহত রাখতে।

ইত্তেফাক/নূহু