ধর্ষক বাবা গুরমিত রাম রহিম সিংয়ের পালিত কন্যা হানিপ্রীত ইনসান এখন পলাতক আছেন। আর এ অবস্থায় তিনি কোথায় আছেন, কিভাবে চলছেন তা নিয়ে সোশ্যাল মিডিয়ায় জোর আলোচনা চলছে।
দুই নারী ভক্তকে ধর্ষণ করার দায়ে ২০ বছরের জন্য জেলে রয়েছেন ডেরা সচ্চা সৌদার মালিক গুরমিত রাম রহিম সিং। কিন্তু তার সমস্ত কুকীর্তির সাক্ষী হলেন পালিত কন্যা হানিপ্রীত। পুলিশ এখনও ধরতে পারেনি তাকে। আপাতত তিনি পুলিশের 'ওয়ান্টেড' তালিকায় রয়েছেন।
ভারতীয় এক সংবাদমাধ্যমের প্রতিবেদন থেকে জানা যায়, কয়েকদিন আগে প্রদীপ গয়াল নামে রাম রহিমের এক ঘনিষ্ঠ সদস্য ধরা পড়েন। সেই পুলিশকে জানায় যে, হানিপ্রীত নেপালে গিয়ে গা ঢাকা দিয়েছে। তাই হরিয়ানা পুলিশ এর পরে কাঠমুন্ডুতে গিয়ে হানিপ্রীতের খোঁজ চালায়। পুলিশের দুটি বাহিনী নেপাল জুড়ে তল্লাশি চালাচ্ছে। হানিপ্রীতের সঙ্গে আরও ৩-৪ জন রয়েছেন বলে দাবি করছেন পুলিশ।
কাঠমুন্ডু থেকে ৬০ কিলোমিটার দূরে অবস্থিত একটি এলাকায় হানিপ্রীতের ছবি দেখে চার ব্যক্তি জানান যে, ২ সেপ্টেম্বর পর্যন্ত এই এলাকাতেই ছিল রাম রহিম 'কন্যা' হানিপ্রীত। আরও খোঁজ করে পুলিশ জানতে পারে যে, ছদ্মবেশে রয়েছেন তিনি। যে রকম পোশাক পরে সাধারণত তাকে দেখা যেত, তার বদলে প্যান্ট ও শার্ট পরে তাকে দেখা গিয়েছিল বলে জানা গিয়েছে। হানিপ্রীতের তিন সঙ্গীকে কুর্তা ও পাজামাতে দেখা গিয়েছে।
ইত্তেফাক/জামান