মেহেরপুরে যুবদল নেতার বিরুদ্ধে তথ্যপ্রযুক্তি আইনে মামলা

ফেসবুকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কটূক্তি করায় কটূক্তিকারী যুবদল নেতা ইমন বিশ্বাসের বিরুদ্ধে তথ্যপ্রযুক্তি আইনের ৫৭(২) ধারায় মেহেরপুর সদর থানায় একটি মামলা হয়েছে। মঙ্গলবার মেহেরপুর সদর উপজেলা যুবলীগের আহ্বায়ক মিজানুর রহমান ওপু যুবদল নেতা ইমন বিশ্বাসকে একমাত্র আসামি করে ওই মামলা করেন। অভিযুক্ত ইমন মেহেরপুর শহরের নীলমণি সিনেমাহলপাড়ার আব্দুস সাত্তারের ছেলে ও মেহেরপুর পৌর যুবদলের যুগ্ম সম্পাদক।
 
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, জনপ্রিয় সোশাল মিডিয়া ‘ফেসবুকে’ নিজের নামের আইডিতে গেল রবিবার সন্ধ্যায় একটি পোষ্ট দেয় ইমন। পোস্টটি ‘মাসুদ অরুণ সৈনিক’ ও আরো ছয়টি আইডির সঙ্গে ট্যাগ করা হয়। পোস্টটিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও মিয়ানমারের অং সান সু চির ছবি পাশাপাশি দেয়া হয়েছে। ওই তিন জনকে নিজ দেশে খুন, গুম ও দাঙ্গার সঙ্গে জড়িত বলে মন্তব্য করে ইমন। পোস্টটি শেয়ারের মাধ্যমে ছড়িয়ে পড়ে। মেহেরপুরের সাবেক এমপি ও আওয়ামী লীগ নেতা প্রফেসর আবদুল মান্নান বিষয়টি নজরে দেন ছাত্রলীগ নেতাকর্মীদের। প্রতিবাদে বিক্ষুব্ধ হয়ে ওঠে ছাত্রলীগ নেতাকর্মীরা এবং রাত সাড়ে ১০টার দিকে জেলা ছাত্রলীগের সভাপতি বারিকুল ইসলাম লিজনের নেতৃত্বে শহরের শিল্পকলার মোড় থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি বড় বাজার ঘুরে প্রেসক্লাবের সামনে পথসভা করে। এ সময় ইমনকে দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক সাজা প্রদানসহ বিভিন্ন দাবিতে স্লোগান দেয় ছাত্রলীগ নেতাকর্মীরা। ওই রাতেই গণপিটুনির শিকার হয় যুবদল নেতা অভিযুক্ত ইমন। এ ঘটনায় সদর থানা পুলিশ ইমন বিশ্বাসকে শহরের মল্লিকপুকুর এলাকা থেকে গ্রেফতার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করে।
 
মেহেরপুর সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম বলেন, ইমনকে রবিবার রাতে ৫৪ ধারায় গ্রেফতার দেখানো হয়। পুলিশ সদর দপ্তরের অনুমতি পাওয়ার পরে মঙ্গলবার তথ্যপ্রযুক্তি (আইসিটি) আইনের ৫৭ (২) ধারায় মামলা করা হয়।
 
ইত্তেফাক/এমআর