সিরাজগঞ্জ শহরের মীরপুরে সরকারি ভিজিডির ৭০ টন চাল সহ এক চোরা কারবারিকে আটক করেছে র্যাব। আটক আব্দুর রাজ্জাক বেলকুচি উপজেলার নিশি বয়ড়া গ্রামের আব্দুস ছাত্তারের ছেলে। বুধবার সকালে র্যাব-১২ এর একটি টিম অভিযান চালিয়ে তাকে আটক করে।
র্যাব ও স্থানীয়রা জানায়, দীর্ঘ দিন ধরে চোরাকারবারি আব্দুল রাজ্জাক অসাধু জনপ্রতিনিধিদের কাছ থেকে ভিজিডি সহ সরকারি ত্রাণের চাল ও গম চোরাইভাবে ক্রয় করে তা বিক্রির ব্যবসার সাথে জড়িত। বুধবার সকালে সুনির্দিষ্ট তথ্যেও ভিত্তিতে শহরের সড়ক ও জনপথ বিভাগের পাশে আব্দুর রাজ্জাক ট্রেডার্স এর গোডাউনে র্যাব-১২ সিরাজগঞ্জের একটি টিম অভিযান চালায়। তখন খাদ্য অধিদফতরের লেখা সংবলিত ৩০ কেজির বস্তা ৭০টন সরকারি চাল সহ আব্দুর রাজ্জাককে হাতেনাতে আটক করে। তখন সিরাজগঞ্জ সদর উপজেলা ভারপ্রাপ্ত ইউএনও আকন্দ মো. ফয়সাল উপস্থিত ছিলেন। এ ঘটনায় থানায় একটি মামলা হয়েছে।
ইত্তেফাক/জামান