বিদ্যুৎ না থাকায় ঢাকা-কুড়িগ্রাম মহাসড়ক অবরোধ

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়সহ (বেরোবি) আশপাশের এলাকায় সারাদিন বিদ্যুৎ না থাকায় ঢাকা-কুড়িগ্রাম মহাসড়ক অবরোধ করেছেন স্থানীয় লোকজন ও সাধারণ শিক্ষার্থীরা। রবিবার সন্ধা ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত প্রায় তিন ঘণ্টা মহাসড়কটি অবরোধ করে রাখা হয়।

বেরোবি ও পার্কের মোড় সংলগ্ন বিভিন্ন ছাত্রাবাসে থাকা কয়েক'শ শিক্ষার্থী সড়ক অবরোধে অংশ নেন। এসময় মহসড়কটি দিয়ে যান চলাচল সাময়িক বন্ধ হয়ে যায়। পরে রাত ৯টায় বিদ্যুৎ সংযোগ দেয়া হলে অবরোধ তুলে নেন এলাকাবাসী ও শিক্ষার্থীরা।

অবরোধে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা দাবি করেন, রংপুরে অন্যান্য স্থানে বিদ্যুৎ থাকলেও এই এলাকায় আজ প্রায় সারাদিন বিদ্যুৎ ছিল না। ফলে চরম দুর্ভোগের মধ্যে পড়েছেন শিক্ষার্থীরা।   অবরোধে অংশ নেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ফিরোজ মিয়া বলেন, ‘যেহেতু এই এলাকার পুরোটাজুড়েই শিক্ষার্থীরা থাকেন সুতরাং সব সময় বিদ্যুৎ থাকা জরুরী। কেননা প্রতিদিন কোন না কোন পরীক্ষা লেগেই থাকে। অথচ আজ সারাদিন বিদ্যুৎ ছিল না।’   

আরেক শিক্ষার্থী মুনতাসির বলেন, আগামীকাল আমার পরীক্ষা বিদ্যুৎ না থাকায় পড়াশুনা করতে পারছি না। সড়ক অবরোধ করেছেন শিক্ষার্থীরা যেন দ্রুত এই বিদ্যুৎ বিভ্রাটের সমাধান করে কর্তৃপক্ষ।

এ বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয় পুলিশ উপ-পরিদর্শক মুহিব্বুল হক জানান, বিদ্যুৎ অফিসে ফোন দিয়েছিলাম। ওরা বলেছে বিদ্যুৎ সংযোগে ফল্ট হয়েছে, কাজ হচ্ছে। 

নসকোর নির্বাহী প্রকৌশলী দেলোয়ার হোসেন বলেন, প্রত্যেকটি বিদ্যুতের খুঁটিতে তিনটি ইনসুলেটর থাকে। বজ্রপাতের কারণে একটি খুঁটির তিন ইনসুলেটর ফেটে গিয়েছিল। সংযোগ সচল করতে ওই এলাকার প্রত্যেকটি খুঁটিতে উঠে চেক করতে হয়েছে। তাই সময় লেগেছে। কেননা বাইরে থেকে বুঝার কোন উপায় নেই যে সমস্যাটা কোথায় ছিল।

ইত্তেফাক/আরকেজি