বরিশাল পলিটেকনিক ইনস্টিটিউটে ছাত্রদের দুই গ্রুপে সংঘর্ষের পর গতকাল রবিবার পাল্টাপাল্টি বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি পালিত হয়। সকাল সাড়ে ১১টায় প্রথমে কম্পিউটার ভবনের সামনে ইলেক্ট্রামেডিক্যাল বিভাগের প্রধান আনিসুর রহমানকে লাঞ্ছনার প্রতিবাদে মানববন্ধন করে শিক্ষার্থীদের একাংশ। পরে শিক্ষকদের হস্তক্ষেপে বিক্ষোভকারী ছাত্রদের প্রতিনিধি জুনায়েদ ইসলাম রাফি ও সাজ্জাদ আহম্মেদ শান্ত এই কর্মসূচি সমাপ্ত করেন। কর্মসূচিতে উপস্থিত ছিলেন শিক্ষার্থী মেনিলা, তন্নি, অভিজিত্, হাবিব, নাজিম, মুসফিক, রাসেদ, রানা, পাভেল, হাসিব প্রমুখ।
অপরদিকে মুক্তিযোদ্ধা আবাসিক হলের শিক্ষার্থীরা বিভাগীয় প্রধান আনিচুর রহমানের বিরুদ্ধে স্লোগান দিয়ে ক্যাম্পাসে বিক্ষোভ করে। এসময় তারা ক্লাস বন্ধ ও ক্যাম্পাসের প্রধান ফটক বন্ধ করে বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি পালন করে। যদিও এসব কর্মসূচিতে শিক্ষার্থীদের অংশগ্রহণ করতে বাধ্য করার অভিযোগ পাওয়া গেছে। তবে মুক্তিযোদ্ধা আবাসিক ছাত্রাবাসের সিভিল ডিপার্টমেন্টের ষষ্ঠ পর্বের শিক্ষার্থী মো. শাকিল জানান, শিক্ষক আনিচুর রহমান প্রায় সময় আবাসিক শিক্ষার্থীদের ওপর নানা কারণে নির্যাতন করার কারণেই তারা এই প্রতিবাদ কর্মসূচি পালন করে আসছে।
উল্লেখ্য, শনিবার বরিশাল পলিটেকনিক ইনস্টিটিউটে ছাত্রদের দুই গ্রুপের মধ্যেকার সংঘর্ষে প্রায় ৭ জন আহত হয়।