নাইক্ষ্যংছড়িতে ত্রাণবাহী ট্রাক দুর্ঘটনায় গঠিত তদন্ত কমিটির কাজ শুরু

বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে রেডক্রিসেন্টের ত্রাণবাহী ট্রাক দুর্ঘটনায় গঠিত তদন্ত কমিটি আজ শুক্রবার সকাল থেকে কাজ শুরু করেছে। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মফিদুল আলম আহ্বায়ক, লামা সার্কেল সহকারী পুলিশ সুপার আলী হোসেন, উপজেলা নির্বাহা কর্মকর্তা এসএম সারওয়ার কামাল এবং সওজ বিভাগের নির্বাহী প্রকৌশলী নাজমুল ইসলাম খান এ তদন্ত কমিটির সদস্য।
 
গত বৃহস্পতিবার ওই ট্রাক দুর্ঘটনায় নিহত হয় ৯ জন শ্রমিক এবং অপর ১৪ জন শ্রমিক গুরুতর আহত হন।
আহতদের ১৩ জনই নাইক্ষ্যংছড়ি উপজেলা হাসপাতালে চিকিৎসাধীন আছেন। অপরজন আজিজুর রহমান আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন কক্সবাজার সদর হাসপাতালে।
 
ওই দুর্ঘটনা তদন্তের জন্যে বৃহস্পতিবার রাতেই গঠিত হয় ৪ সদস্যের একটি তদন্ত কমিটি। শুক্রবার সকাল থেকেই গঠিত তদন্ত কমিটি তাদের কাজ শুরু করেছে বলে কমিটি সূত্র জানিয়েছে। 
 
নাইক্ষ্যংছড়ির উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম সারওয়ার কামাল এবং সদর ইউপি চেয়ারম্যান তসলিম ইকবাল চৌধুরী আজ দুপুরে জানিয়েছেন, বৃহস্পতিবার চাকঢালা এলাকার আমতলীতে কালভার্ট ভেঙ্গে ত্রাণবাহী ট্রাক খাদে পড়ে নিহত ও গুরুতর আহত সবাই রেডক্রিসেন্টের ত্রাণ বিতরণের সেচ্ছাসেবক। এই দুর্ঘটনার পর থেকে পুরো নাইক্ষ্যংছড়ি উপজেলায় শোকাবহ পরিবেশ সৃষ্টি হয়। 
 
বৃহস্পতিবার সন্ধ্যায় পার্বত্য বিষয়ক প্রতিমন্ত্রী বীর বাহাদুর এমপি দুর্ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তিনি শোকার্ত পরিবারদের সঙ্গে সাক্ষাত করেন। তিনি নিহত ৯ শ্রমিকের পরিবারদের মাঝে নগদ ১০ হাজার টাকা করে ও আহতদের মাঝে নগদ ৫ হাজার টাকা করে বিতরণ করেন।
 
জেলা প্রশাসক দিলীপ কুমার বণিক নিহতদের পরিবারের মাঝে নগদ ১০ হাজার টাকা করে এবং পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যানের পক্ষে নগদ ১০ হাজার টাকা হারে বিতরণ করা হয়।
 
স্থানীয় ইউপি চেয়ারম্যান তসলিম ইকবাল চৌধুরী নিহত ও আহত পরিবারদের মাঝে নগদ ২ হাজার টাকা করে বিতরণ করেছেন।
 
এদিকে, রেডক্রিসেন্টের ত্রাণসামগ্রী শুক্রবার সকালে সীমান্তের দুর্গম বড়ছন খোলা এলাকায় রোহিঙ্গা শরণার্থীদের মাঝে বিতরণের জন্যে পাঠানো হয়েছে বলে জেলা প্রশাসন জানিয়েছে। বাসস।
 
ইত্তেফাক/এমআই