গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী শ ম রেজাউল করিমের পিতার ইন্তেকাল

গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী শ ম রেজাউল করিমের পিতা মুক্তিযোদ্ধা আব্দুল খালেক শেখ (৯০) গতকাল রবিবার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি... রাজিউন)। গত শুক্রবার তিনি জেলার নাজিরপুর উপজেলার তারাবুনিয়ায় গ্রামের বাড়িতে অসুস্থ হয়ে পড়লে উন্নত চিকিত্সার জন্য এয়ার অ্যাম্বুলেন্সে করে ঢাকায় নিয়ে আসা হয়। তিনি স্ত্রী, চার ছেলে, দুই মেয়ে রেখে যান। গতকাল আছর বাদ নাজিরপুরের সাতকাছিমিয়া মাদ্রাসা প্রাঙ্গণে জানাজা হয়। এর আগে তাকে রাষ্ট্রীয় মর্যাদা প্রদান করা হয়। রাষ্ট্রের পক্ষে জেলা প্রশাসক আবু আলী মো. সাজ্জাদ হোসেন পুষ্পার্ঘ্য অর্পণ করে তার প্রতি শ্রদ্ধা জানান। এরপর মাগরিব বাদ জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।

শোক জ্ঞাপন

আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা এক শোক বিবৃতিতে দলের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের আইন বিষয়ক সম্পাদক এবং গণপূর্তমন্ত্রীর পিতার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। অপর এক বিবৃতিতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এদিকে জাতীয় পার্টি-জেপির চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু এমপি গণপূর্তমন্ত্রীর পিতা আব্দুল খালেক শেখের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। এক বিবৃতিতে তিনি মরহুমের রুহের মাগফিরাত কামনাসহ শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেন। এছাড়া শোক প্রকাশ করেন আইনমন্ত্রী আনিসুল হক, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য শেখ এ্যানী রহমান, পিরোজপুরের পৌর মেয়র মো. হাবিবুর রহমান মালেক, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুল হাকিম হাওলাদার প্রমুখ।