গুণী সঙ্গীতশিল্পী খুরশীদ আলম। ৪ শতাধিক চলচ্চিত্রে প্লে-ব্যাক করেছেন এই মানুষটি। এখনও নিয়মিত গান গাইছেন। সঙ্গীতাঙ্গনে বিশেষ অবদানের জন্য গুণী এই সঙ্গীতব্যক্তিত্ব আজীবন সম্মাননা পেতে যাচ্ছেন।
আগামী ২৯ সেপ্টেম্বর সন্ধ্যা ৭টায় ‘বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র’-এ অনুষ্ঠিতব্য ‘চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডস’-এর ১২তম আসরে খুরশীদ আলমের হাতে আজীবন সম্মাননা তুলে দেওয়া হবে। বিষয়টি নিশ্চিত করেছেন ইজাজ খান স্বপন। তিনিই অনুষ্ঠানে পরিকল্পনা ও পরিচালনা করছেন।
আজীবন সম্মাননা পাওয়া প্রসঙ্গে খুরশীদ আলম বলেন, ‘এমন একটি অনুষ্ঠানে আজীবন সম্মাননা পাওয়া নিঃসন্দেহে খুব আনন্দের বিষয়। আমি চ্যানেল আই পরিবারের প্রতি আন্তরিকভাবে কৃতজ্ঞ। সেইসাথে আমাকে আজীবন সম্মাননা দেওয়ার জন্য যারা নির্বাচিত করেছেন তাদের প্রতিও আমার আন্তরিক কৃতজ্ঞতা ও ভালোবাসা। সবাই আমার জন্য দোয়া করবেন, সবাই ভালো থাকবেন।’
ইজাজ খান স্বপন জানান, আগামী ৬ অক্টোবর অ্যাওয়ার্ডস অনুষ্ঠানটি দুপুর ২টার সংবাদের পর চ্যানেল আইতে প্রচার হবে।
ইত্তেফাক/আনিসুর