হাঁটু পানির নিচে পল্টুনের সিঁড়ি, যাত্রী ভোগান্তি

 
বরিশালের বাবুগঞ্জে হাঁটু পরিমাণ পানিতে পল্টুনে উঠার সিঁড়ি ডুবে থাকায় চরম ভোগান্তিতে পড়েছে বাবুগঞ্জ থেকে নদীপথের ঢাকাগামী যাত্রীরা। দীর্ঘদিন ধরে যাত্রীরা এমন ভোগান্তির শিকার হলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কোন ব্যবস্থা নিতে দেখা যাচ্ছে না।
 
সরেজমিনে গিয়ে দেখা যায়, বরিশাল জেলার বাবুগঞ্জ উপজেলার মীরগঞ্জ লঞ্চঘাটে বিআইডব্লিউটি'র নির্দিষ্ট পল্টুন থাকলেও পল্টুনে উঠার সিঁড়ি জোয়ারের পানিতে ডুবে থাকে। আর লঞ্চ যথা নিয়মে পল্টুনের সামনে নোঙর করে। যে কারণে ঢাকাগামী লঞ্চ যাত্রীদের চরম ভোগান্তিতে হাঁটু পরিমাণ পানি পার হয়ে পল্টুনে উঠতে হয়।
 
এই অবস্থায় বেশি ভোগান্তি পোহাতে হচ্ছে শিশু ও বয়স্ক লোকদের। অনেকে তাদের অসুস্থ স্বজনদের কোলে তুলে ঝুঁকি নিয়ে সিঁড়ি পার হয়ে পল্টুনে উঠছে। শনিবার মর্নিংসান লঞ্চের যাত্রী আনোয়ার হোসেন ক্ষোভ প্রকাশ করে বলেন, ইজারাদাররা তো ঠিকই টাকা নিয়ে নিচ্ছে কিন্তু এই দুর্ভোগের বিষয়ে কোন পদক্ষেপ নিচ্ছেনা।
 
এ বিষয়ে ইজারাদার মো. সোহেল জানান, জোয়ারের পানিতে পল্টুনের সিঁড়ি ডুবে থাকার কারণে যাত্রী ভোগান্তির বিষয়টি সত্যি। আমরা বিষয়টি বিআইডব্লিউটি'র ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি। এ বিষয়ে নৌ-সংরক্ষণ ও পরিচালন বিভাগের উপ-পরিচালক মো. রফিকুর ইসলাম ইত্তেফাককে বলেন, স্থানীয় ইউনিয়ন পরিষদ থেকে রাস্তা করে দেওয়ার কথা ছিলো। এ বিষয়ে আমাদের কোন হাত নাই, এটি দেখভালের দায়িত্ব বিআইডব্লিউটি'র প্রকৌশল বিভাগের।
 
ইত্তেফাক/জামান