নওগাঁয় সড়ক দুর্ঘটনায় নিহত ২

 
নওগাঁ বাইপাস মহাসড়কে বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছে। শনিবার সকাল ১০টার দিকে শহরের বাইপাস বরুনকান্দী এলাকায় বাস উল্টে ডোবার মধ্যে পড়ে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনা কবলিত বাসটি উদ্ধারের চেষ্টা করছে নওগাঁ ফায়ার সার্ভিসের একটি ইউনিট।
 
নিহতরা হলেন, সদর উপজেলার বরুনকান্দি গ্রামের আব্দুস সাত্তারের ছেলে মাসুদ রানা ও ইকরতাড়া গ্রামের মৃত আব্দুল জব্বারের ছেলে অ্যাড. সোহেল রানা।
 
নওগাঁ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোরিকুল ইসলাম জানান, শহরের বালুডাঙ্গা বাসস্ট্যান্ড থেকে এসপি ট্রাভেলের একটি বাস বরুনকান্দী এলাকায় পরিষ্কার করার জন্য নিয়ে যাওয়া হচ্ছিল।এ সময় বিপরীত দিক আসা একটি মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ঘে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে ডোবার মধ্যে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই দুই মোটর সাইকেল আরোহী প্রাণ হারায়। সংবাদ পেয়ে পুলিশ, স্থানীয় জনগণ এবং ফায়ার সার্ভিসের সদস্যরা লাশ উদ্ধার করে।
 
এ ব্যাপারে নওগাঁ সদর থানায় একটি মামলা দায়ের হয়েছে।
 
ইত্তেফাক/এমআর