সম্প্রতি এক বিবৃতিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ‘মানসিক বিকারগ্রস্ত’ বলে উল্লেখ করেন উত্তর কোরীয় নেতা কিম জং উন। তিনি বলেন, ‘উন্মাদ’ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কারণেই তিনি বুঝেছেন যে, তার দেশের জন্য পরমাণু অস্ত্র উন্নয়ন প্রকল্পের কাজ বন্ধ না করে তিনি সঠিক সিদ্ধান্ত নিয়েছেন।’ এছাড়া জাতিসংঘে যে প্রেসিডেন্ট ট্রাম্প উত্তর কোরিয়াকে ধ্বংসের হুমকি দিয়েছেন, সে ভাষণের জন্য তাকে চড়া মূল্য দিতে হবে বলেও অপর এক বিবৃতিতে জানান কিম।
IMG0
তবে এর প্রতিক্রিয়ায় প্রেসিডেন্ট ট্রাম্প তার টুইটারে কিমকে ‘ম্যাডম্যান’ বা ‘উন্মাদ ব্যক্তি’ বলে মন্তব্য করেছেন। ট্রাম্প তার টুইট বার্তায় লিখেছেন ‘উত্তর কোরিয়ার কিম জং উন যে সত্যিকার অর্থেই একজন উন্মাদ ব্যক্তি, যে আসলে তার দেশের মানুষকে হত্যা করা বা তার মানুষ না খেয়ে মরছে তা মোটেও পরোয়া করে না। সে এমনভাবে তার কর্মের স্বাদ ভোগ করবে যেমনটা আগে কখনোই হয়নি।’
IMG1
এর আগে জাতিসংঘে দেওয়া ভাষণে ট্রাম্প বলেছিলেন, যদি আমেরিকাকে নিজেদের সুরক্ষায় ব্যবস্থা গ্রহণে বাধ্য করা হয় তবে তারা উত্তর কোরিয়াকে ‘সম্পূর্ণ ধ্বংস’ করে দেবে। তিনি কিমকে ‘আত্মঘাতী মিশনে থাকা রকেট ম্যান’ বলেও ব্যঙ্গ করেন।
IMG2
সাম্প্রতিক সময়ে এই দুই নেতা বেশ বাকযুদ্ধে মেতেছেন, উত্তপ্ত বাক্যবিনিময় করছেন। নিজের বিবৃতির শেষে ট্রাম্পকে উদ্দেশ্য করে কিম আরো বলেছেন ‘আগুনের মাধ্যমে আমি নিশ্চিতভাবে এবং অবশ্যই যুক্তরাষ্ট্রের ভীমরতিগ্রস্ত এই বৃদ্ধকে আমার হাতের মুঠোয় আনবো।’ বিবিসি।
ইত্তেফাক/সেতু