চুড়িহাট্টার অগ্নিকাণ্ড

ক্ষতিগ্রস্তরা রাস্তায় দাঁড়ানোয় সরকারের ভাবমূর্তি উজ্জ্বল হচ্ছে না: হাইকোর্ট

চুড়িহাট্টার অগ্নিকাণ্ডের ঘটনায় নিহত ও আহতদের পরিবার ক্ষতিপূরণ না পাওয়ায় অসন্তোষ প্রকাশ করেছে হাইকোর্ট। আদালত বলেছে, ভয়াবহ অগ্নিকাণ্ডে যারা মারা গেছে ও আহত হয়েছে তারা সাধারণ মানুষ। ওই ঘটনায় ক্ষতিগ্রস্তদের পরিবার যাতে ক্ষতিপূরণ পায় সেজন্য আমরা আদেশ দিতে চেয়েছিলাম। কিন্তু রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেলের আবেদনের প্রেক্ষিতে ওইদিন কোনো আদেশ দেইনি। তিনি সরকারকে আদালতের এই মনোভাবের বিষয়টি জানাবেন বলেছিলেন। কিন্তু গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে দেখা যাচ্ছে তারা ক্ষতিপূরণ পায়নি। ক্ষতিপূরণের জন্য প্ল্যাকার্ড নিয়ে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা রাজপথে দাঁড়াচ্ছে, মানববন্ধন করছে। এটা সরকারের ভাবমূর্তি উজ্জ্বল করছে না। এ সংক্রান্ত এক রিট মামলার শুনানিকালে বিচারপতি এফআরএম নাজমুল আহাসান ও বিচারপতি কেএম কামরুল কাদেরের সমন্বয়ে গঠিত হাইকোর্টের ডিভিশন বেঞ্চ গতকাল রবিবার এ মন্তব্য করেন।

আদালত বলেন, অগ্নিকাণ্ড দুর্ঘটনা প্রতিরোধে প্রধানমন্ত্রী মন্ত্রিপরিষদ বৈঠকে বেশ কিছু গুরুত্বপূর্ণ নির্দেশনা দিয়েছেন। প্রধানমন্ত্রীর এসব নির্দেশনা কার্যকরের দায়িত্ব সরকারি সংস্থাগুলোর। পুরান ঢাকার ভবনগুলো ভেঙে নতুন করে তৈরির প্রস্তাব দেওয়া বলে গণপূর্ত মন্ত্রী বলেছেন। এটা ভালো দিক। এদিকে রিটের শুনানি শেষে অগ্নি দুর্ঘটনা রোধে একগুচ্ছ রুল জারি করে  আদালত। আবেদনের পক্ষে আইনজীবী জেডআই খান পান্না শুনানি করেন। পরে ডেপুটি অ্যাটর্নি জেনারেল এবিএম আব্দুল্লাহ আল মাহমুদ বাশার বলেন, ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ প্রদানের বিষয়ে আদালতের মনোভাব সরকারের উচ্চ পর্যায়ে জানানো হয়েছে। সেখানে এখন বিষয়টি বিবেচনাধীন রয়েছে।