বগুড়ায় বিএনপির নিরুত্তাপ হরতাল

 
বগুড়ায় জেলা বিএনপির ডাকা আধাবেলা হরতালে কোন সাড়া মেলেনি। জেলা সভাপতি সাইফুল ইসলামের কারামুক্তির দাবিতে শনিবার সকাল ৬টা থেকে দুপুর ২টা পর্যন্ত আধাবেলা হরতাল আহ্বান করা হয়। কিন্তু কোন নেতাকর্মীদের মাঠে দেখা যায়নি ।
 
জানা যায়, বগুড়ায় বিএনপির ডাকা হরতালে সবকিছু ছিল স্বাভাবিক। অফিস-আদালত, দোকানপাট ছিল খোলা। সেই সঙ্গে যানবাহন চলাচলও স্বাভাবিক ছিল। শহরের নবাববাড়ী সড়কে দলীয় কার্যালয়ের সামনে কোন নেতাকর্মী ছিল না। তবে জেলা বিএনপির কার্যালয় ঘিরে ছিল বিপুল সংখ্যক পুলিশ।
 
এদিকে হরতাল প্রতিহতের ঘোষণা দিয়ে সকাল থেকেই শহরের কেন্দ্রস্থল সাতমাথায় সমবেত হয় যুবলীগ, পৌর আওয়ামী লীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগের বিপুল সংখ্যক নেতাকর্মী। তারা হরতালের বিরুদ্ধে স্লোগান দিয়ে মিছিল ও সাতমাথায় প্রতিবাদ সভা করে।
 
বগুড়া জেলা পুলিশের গণমাধ্যম  শাখার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা অতিরিক্ত পুলিশ সুপার (এ-সার্কেল) সনাতন চক্রবর্তী জানান, হরতালে সবকিছুই স্বাভাবিক ছিল ।
 
উল্লেখ্য, জেলা বিএনপির সভাপতি সাইফুল ইসলাম  বৃহস্পতিবার বিস্ফোরক মামলায় কোর্টে হাজিরা দিতে গেলে আদালত জামিন না দিয়ে জেল হাজতে পাঠান।
 
এর প্রতিবাদে জেলা বিএনপি ৯দিনব্যাপী প্রতিবাদ কর্মসূচি দেয়। যার অংশ হিসেবে শনিবার আধাবেলা হরতালের ডাক দেয়া হয়েছিল।
 
ইত্তেফাক/ আরকেজি