শিগগিরই আরো পাঁচ হাজার চিকিত্সক নিয়োগ দেওয়া হবে ---------------------স্বাস্থ্যমন্ত্রী

সরকারি স্বাস্থ্যসেবার পরিধি ও মান বৃদ্ধি করে মাথাপিছু স্বাস্থ্য ব্যয় কমানোর উদ্যোগ নিয়েছে সরকার। দেশের সরকারি হাসপাতালে নতুন চিকিত্সক নিয়োগ দেওয়া হচ্ছে। শিগগিরই আরো পাঁচ হাজার চিকিত্সক নিয়োগ দেওয়া হবে। দেশের একজন মানুষও যেন মানসম্মত স্বাস্থ্যসেবার আওতার বাইরে না থাকে সেদিকে দৃষ্টি রেখে দেশের স্বাস্থ্য ব্যবস্থাকে ঢেলে সাজানো হচ্ছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক। গতকাল রবিবার রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনে বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠান ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন তিনি। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় এ অনুষ্ঠানের আয়োজন করে।

স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী আরো বলেন, হাসপাতালগুলোতে যথাযথ মানের যন্ত্রপাতি স্থাপন ও রক্ষণাবেক্ষণ, হাসপাতালের সম্প্রসারণ, পরিচ্ছন্নতা নিশ্চিত করার পাশাপাশি নতুন নতুন বিশেষায়িত হাসপাতাল নির্মাণের মধ্য দিয়ে সাধারণ মানুষের দোরগোড়ায় আধুনিক স্বাস্থ্যসেবাকে আরো সহজলভ্য ও সুলভ করার কাজ শুরু করেছে সরকার।