ফতুল্লার দক্ষিণ নয়ামাটি এলাকায় গতকাল শনিবার রাতে মাদকাসক্ত ছোট ভাইয়ের ছুরিকাঘাতে খুন হয়েছেন বড় ভাই লিটন খান (৩৩)। পুলিশ এ ঘটনায় ঘাতক হৃদয় খানকে গ্রেফতার করেছে। সে দক্ষিণ নয়ামাটি এলাকার শামসুল হক মিয়ার ভাড়াটিয়া বারেক খানের ছেলে।
নিহতের পরিবার ও প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে ফতুল্লা মডেল থানার ওসি কামালউদ্দিন জানান, নিহতরা চার ভাই ও এক বোন দক্ষিণ নয়ামাটি এলাকাতে বসবাস করে। এদের বাড়ি মাদারিপুরের করাতি গ্রামে। বেকার হৃদয় খান মাদকাসক্ত বলে জানায় পরিবারের লোকজন। অপর ভাইয়েরা বিভিন্ন ব্যবসা বাণিজ্য করে।
ওসি আরো বলেন, ‘শনিবার রাত রাত সাড়ে ৯টায় মাদকের টাকার জন্য ঘরের ভেতরে হৃদয় খান তার মা করিমুন বেগমকে অবরুদ্ধ করে রাখে। ওই সময়ে ধারালো অস্ত্রের ভয় দেখিয়ে টাকা হাতিয়ে নেওয়ার চেষ্টা করে। খবর পেয়ে লিটন খান ছুটে আসে। সে ঘরে প্রবেশ করলে হৃদয়ের সঙ্গে বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে হৃদয় খান হাতে থাকা ছুরি দিয়ে লিটনকে এলোপাথারি আঘাত করে।
লিটন খানকে আহত অবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। হৃদয় খানের ছুরিকাঘাতে মা করিমুন বেগমও আহত হন।
এ ঘটনায় আশেপাশের লোকজন হৃদয়কে ছুরিসহ আটক করে পুলিশের কাছে সোপর্দ করে। পুলিশ লিটনের লাশ ময়না তদন্তের জন্য ১শ’ শয্যা বিশিষ্ট নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
ইত্তেফাক/নূহু