কালীগঞ্জে ১২০ কেজি গাঁজাসহ ট্রাক আটক, গ্রেফতার ৩

লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় ১২০ কেজি গাঁজাসহ একটি ট্রাক আটক করেছে পুলিশ। এ সময় এক নারীসহ ৩ জনকে গাঁজা বহনের দায়ে গ্রেফতার করা হয়।

কালীগঞ্জ থানার উপ পরিদর্শক(এসআই) রাজু আহমেদ জানান, গোপন সংবাদে জানা যায়, ভুট্টার বস্তা ভর্তি একটি ট্রাক(ঢাকা মেট্রো ট- ১৪- ৬৩৫২)  থেকে ১শ কেজি গাঁজা নিয়ে যাচ্ছে। সে সংবাদের ভিত্তিতে শনিবার (২৩ সেপ্টেম্বর) রাতে অভিযান চালানো হয়। উপজেলার লালমনিরহাট-বুড়িমারি মহাসড়কের চাপারতলে মুসকান হোটেলের সামনে থেকে ট্রাক চালক ও চালকের সহকারিকে আটক করা হয়।

ট্রাকটি হাতীবান্ধা উপজেলা থেকে ভুট্টা লোড করে পাবনার উদ্দেশ্যে যাচ্ছিল। মুসকান হোটেলের সামনে থামলে পুলিশ ট্রাকটিতে তল্লাশি চালিয়ে ১৭ বস্তা গাঁজা উদ্ধার করে।

আটক ব্যক্তিরা হলো পাবনা জেলার আমিনপুর থানার নুর শেখের ছেলে ট্রাক চালক সাইদুল ইসলাম(৩৫) ও একই এলাকার মুকুল শেখের ছেলে চালকের সহকারি সজিব(২১) ।
IMG0
অপরদিকে উপজেলার ভোটমারি এলাকার আব্দুল জলিলের স্ত্রী মাদক ব্যবসায়ী মরিয়ম বেগমকে একই দিন সন্ধায় ২০ কেজি গাজাসহ গ্রেফতার করেছে পুলিশ। জানা গেছে, মরিয়ম দীর্ঘদিন ধরে গাজা ও ফেনসিডিলের ব্যবসা করে আসছিল।  

কালীগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মকবুল হোসেন জানান, তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে কালীগঞ্জ থানায় পৃথক দুটি মামলা হয়েছে।

ইত্তেফাক/নূহু