দেবগ্রাম আশ্রয়ণ প্রকল্পে অন্তহীন সমস্যা

অন্তহীন সমস্যায় জর্জরিত গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার দেবগ্রাম আশ্রয়ণ প্রকল্প। এ আশ্রয়ণ প্রকল্পে বিশুদ্ধ খাবার পানির সংকট তীব্র। পাঁচটি ডিপ-টিউবঅয়েলের মধ্যে চারটিই বিকল। বৃষ্টি হলেই ঘরের টিনের চাল দিয়ে পানি পড়ে। বৃষ্টির পানিতে ঘরের মেঝে ভিজে বসবাসে দুর্ভোগ সৃষ্টি করে। এছাড়া এখানে স্যানিটেশন ব্যবস্থা রয়েছে বেহাল অবস্থায়। আশ্রয়ণ প্রকল্পের টয়লেট ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে। আশ্রয়ণ কেন্দ্রে যাতায়াতের একমাত্র সাঁকো ভেঙে পড়েছে। ঝুঁকি নিয়ে আশ্রয়ণ প্রকল্পের নিবাসীরা এ সাঁকো দিয়ে পারাপার হচ্ছেন। কেউ অসুস্থ হলে তাকে এ সাঁকো পার হয়ে ডাক্তারের কাছে নিতে দুর্ভোগ পোহাতে হয়। সাঁকে ভেঙে পড়ায় আশ্রয়ণে যান চলাচল ও পণ্য পরিবহণ ব্যাহত হচ্ছে। এছাড়া আশ্রয়ণের কমিউনিটি সেন্টারের চাল ও বেড়া ২০০৭ সালে সিডরে উড়িয়ে নিয়ে যায়। কমিউনিটি সেন্টারের ভিটা ও খুঁটি দাঁড়িয়ে রয়েছে কোনোরকমে। আশ্রয়ণের দুটি উপাসনালয়েও বেহাল অবস্থা বিরাজ করছে। এখানে শিশুদের কোনো খেলার মাঠ নেই। এমন সব সমস্যা নিয়ে দিন কাটছে দেবগ্রাম আশ্রয়ণের একশ’ পরিবার।

এখানকার বাসিন্দা রীনা বিশ্বাস বলেন, এসব সমস্যার কথা স্থানীয় জনপ্রতিনিধিসহ বিভিন্ন পর্যায়ে বার বার জানিয়েও কোনো ফল হয়নি। কেউ আগ্রহও দেখাননি। এসব সমস্যা নিয়ে মাথাব্যথা নেই কারো। তিনি আরও বলেন, আমাদের ভিটা ও বসতঘরসহ যা কিছু আছে সেগুলোর কোনো রক্ষণাবেক্ষণ ও সংস্কার করা হচ্ছে না।

কোটালীপাড়া উপজেলা চেয়ারম্যান মুজিবুর রহমান হাওলাদার বলেন, দেবগ্রাম আশ্রয়ণ প্রকল্পের সমস্যা সমাধানের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এ ব্যাপারে প্রকল্প গ্রহণ করে প্রধানমন্ত্রীর কার্যালয় ও এলজিইডিতে পাঠানো হয়েছে। সাঁকোসহ সব সমস্যার সমাধান দ্রুত হবে বলে তিনি মন্তব্য করেন।

ইত্তেফাক/নূহু