রাজধানীর পূর্ব বাড্ডায় অগ্নিকাণ্ডে জেসমিন আক্তার (৩০) নামে এক মায়ের মৃত্যু হয়েছে।এ ঘটনায় দগ্ধ তার দুই সন্তান আমানুল্লাহ (১১) ও সানজিদা আক্তারকে (৭) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। শনিবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে পূর্ব বাড্ডার বৈঠাখালী এলাকায় একটি কাঠের দোতলা টিনশেড বাড়িতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
বাড্ডা থানার ওসি কাজী ওয়াজেদ আলী জানান, জেসমিনের স্বামী আব্বাস কাতার প্রবাসী। আব্বাস কাতার প্রবাসী হওয়ার আগে বাড়ির নিচতলায় ফার্নিচারের দোকান ছিলো। আব্বাস কাতার প্রবাসী হওয়ার পর সেটি বন্ধ হয়ে যায়। ওই বাড়ির দোতলায় আব্বাসের স্ত্রী ও দুই সন্তান থাকতো।শনিবার রাত ৩টার দিকে এলাকার নৈশপ্রহরীরা আগুনের ধোঁয়া দেখতে পায়। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নেভাতে ছুটে আসে।কাঠের বাড়ি হওয়ায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। এর মধ্যে দোতালার কাঠের সিঁড়ি আগুনে পুড়ে যায়।ওই সিঁড়ি দিয়ে নামতে গিয়ে আব্বাসের স্ত্রী ও সন্তানেরা আগুনের কুণ্ডলীর মধ্যে পড়ে যায়। পরে সেখান থেকে তাদের উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে জেসমিনের মৃত্যু হয়।
ওসি আরো জানান, ঘটনাটি দুর্ঘটনা না অন্যকিছু তা তদন্ত করা হচ্ছে। ফায়ার সার্ভিস প্রাথমিক ভাবে তদন্ত করে জানিয়েছে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত।
ইত্তেফাক/এমআর