পাহাড়ে সন্ত্রাসীরা কখন কার উপর হামলা চালায় বলা কঠিন :সিইসি

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ কে এম নুরুল হুদা বলেছেন, পাহাড়ে সন্ত্রাসীরা কখন কার উপর হামলা চালায় তা কেউ বলতে পারে না। তবে আমাদের সেনাবাহিনী সর্বাত্মক সজাগ রয়েছে। সন্ত্রাসী যেই হোক তাকে ছাড় দেওয়া হবে না।

রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলায় গত ১৮ মার্চ সন্ত্রাসীদের ব্রাশফায়ারে সাত খুনের ঘটনায় নিহত ও আহত পরিবারের মাঝে অনুদান প্রদান শেষে সিইসি সাংবাদিকদের এই কথা বলেন। রবিবার দুপুরে বাঘাইছড়ি উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে নির্বাচন কমিশন আয়োজিত এক অনুষ্ঠানে তিনি হতাহত  পরিবারের মাঝে নগদ অর্থ সহায়তা প্রদান করেন।

এ সময় নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল শাহাদাত্ হোসেন, নির্বাচন সচিব হেলাল উদ্দিন, চট্টগ্রাম এরিয়া কমান্ডার জিওসি মেজর জেনারেল মতিউর রহমানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সিইসি বলেন, পাহাড়ের প্রতিটি কেন্দে  সেনাবাহিনী সর্বাত্মকভাবে নিরাপত্তার দায়িত্বে ছিলো। তারা তাদের দায়িত্ব সুষ্ঠু ও সুন্দরভাবে পালন করেছে বলে একটি সুন্দর নির্বাচন আমরা উপহার দিতে পেরেছি। এসময় ১৮ মার্চ সন্ত্রাসীদের গুলিতে নিহত ৭ জনের পরিবারকে সাড়ে ৫ লাখ, গুরুতর আহত ১৯ জনকে ১ লাখ ও সাধারণ আহত ১৪ জনকে ৫০ হাজার টাকা করে প্রদান করা হয়।