এবার বড়পর্দায় আসছেন মডেল-অভিনেতা সিয়াম

 
বড়পর্দায় অভিষেক হতে যাচ্ছে মডেল ও অভিনেতা সিয়াম আহমেদের। ‘পোড়ামন ২’ ছবির মধ্য দিয়ে তার এই নতুন যাত্রা শুরু হচ্ছে। এই ছবিটির নায়িকা নির্ধারণ হয়ে গেলেও বেশ কিছুদিন ধরেই নায়ক নিয়ে চলছিল জল্পনা-কল্পনা।
 
এমনকি ছবিটির প্রযোজনার সংস্থা জাজ মাল্টিমিডিয়া তাদের ফেসবুক পেজে এ নিয়ে একটি কুইজ ভিডিও পোস্ট করে। যেখানে ‘পোড়ামন ২’-এর নায়ক কে হচ্ছে এমন একটি কুইজ দেওয়া হয়। অবশেষে জানা গেল সেই নায়কের নাম।
 
সিয়াম বলেন, ‘চলচ্চিত্র সবার মতো আমারও স্বপ্নের জায়গা। কাজের আগ্রহটা বরাবরই ছিল। কিন্তু এত বড় ক্যানভাসের কাজটি যেন ভালো কিছু দিয়ে শুরু হয় তেমনটা চাচ্ছিলাম। কারণ কাজের প্রস্তাব তো স্বাভাবিকভাবেই আসে। কিন্তু আসলে সেভাবে ব্যাটে-বলে হয়নি।’
 
প্রথম ছবি হিসেবে প্রস্তুতিটা কেমন চলছে? এমন প্রশ্নে সিয়াম বলেন, ‘যেহেতু প্রথম কাজ তাই নার্ভাসের বিষয়টি তো থাকছেই। তবে অবশ্যই আমি আত্মবিশ্বাসী। অন্যান্য কাজের পরিমাণ অনেক কমিয়ে দিয়েছি। ছবিতে আমার চরিত্রটি নিয়ে ভাবছি। চরিত্রে মতো করেই পূর্বপ্রস্তুতি নিচ্ছি। আসলে একটি স্বপ্ন নিয়ে চলচ্চিত্র যাত্রা শুরু করছি। তাই নিজের পুরোটা দিয়ে কাজটি করতে চাই।’
 
ইত্তেফাক/আনিসুর