নড়াইলে বিভিন্ন প্রজাতির ছয় লক্ষাধিক গাছের চারা রোপণ করা হয়েছে।
নড়াইল জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে সোমবার সকালে এ কার্যক্রমের উদ্বোধন জেলা প্রশাসক এমদাদুল হক চৌধুরী।
জেলা প্রশাসনের আয়োজনে নড়াইলের তিনটি উপজেলার বিভিন্ন সড়কের পাশে, শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি-বেসরকারি অফিস চত্বর, নদীর তীর, বাঁধসহ উন্মুক্ত স্থানে ছয় লক্ষাধিক ফলদ, বনজ, ঔষধি ও শোভাবর্ধনকারী বৃক্ষের চারা রোপণ করা হয়েছে। এর মধ্যে সদর উপজেলায় ২ লাখ ৩০ হাজার, লোহাগড়া উপজেলায় ২ লাখ ১০ হাজার এবং কালিয়া উপজেলায় ১ লাখ ৮০ হাজার চারা রোপণ করা হয়েছে।
বৃক্ষরোপণ কর্মসূচিতে জেলা প্রশাসক এমদাদুল হক চৌধুরী, জেলা পরিষদের চেয়ারম্যান সোহরাব হোসেন বিশ্বাস, পুলিশ সুপার সরদার রকিবুল ইসলাম, স্থানীয় সরকার বিভাগ নড়াইলের উপ-পরিচালক সিদ্দিকুর রহমান, আমিনুর রহমান হিমু, নড়াইল প্রেসক্লাব সভাপতি আলমগীর সিদ্দিকীসহ বিভিন্ন পেশার মানুষ উপস্থিত ছিলেন।
ইত্তেফাক/ইউবি