শ্যামপুরে দগ্ধদের মধ্যে একজনের মৃত্যু

রাজধানীর শ্যামপুরে লাল মসজিদ এলাকায় একটি বাড়িতে অগ্নিকাণ্ডে দগ্ধ শিশুসহ একই পরিবারের পাঁচজনের মধ্যে একজন মারা গেছেন। তার নাম মোহাম্মদ এনায়েত (৪০)। সোমবার বেলা ১২ টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ণ ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
 
উল্লেখ্য, গত বৃহস্পতিবার রাত তিনটার দিকে শ্যামপুরের লাল মসজিদ সংলগ্ন তিন নম্বর রোডের ২৭ নম্বর বাড়ির নিচতলায় এই আগুনের ঘটনা ঘটে। আগুনে দগ্ধরা হলেন- মুদি দোকানি মোহাম্মদ এনায়েত (৪০), তার স্ত্রী মরিয়ম বেগম (৩৫), তাদের তিন সন্তান অ্যানি (৫), হাবিবা (৪) ও জুবায়ের (২)।
 
এনায়েতের ভাতিজা ওয়াসিম  জানান, রাত আনুমানিক তিনটার দিকে তার চাচা এনায়েতের কক্ষে একটি শব্দ হয়। এরপরই আগুন ধরে যায়। আগুনে তারা পাঁচজনই দগ্ধ হয়। ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লেগেছিল। চিকিৎসকের বরাত দিয়ে তিনি জানান, এনায়েতের শরীরের ৯০ শতাংশ, মরিয়ম বেগমের ১৭ শতাংশ, অ্যানির ১২ শতাংশ, হাবিবার ১৯ শতাংশ এবং জুবায়েরের ১৬ শতাংশ দগ্ধ হয়।
 
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন। 
 
ইত্তেফাক/এমআই