রাকায় মার্কিন জোটের বিমান হামলায় ৮৪ বেসামরিক ব্যক্তি নিহত

সিরিয়ায় জঙ্গি সংগঠন ইসলামিক স্টেটের কথিত রাজধানীতে গত মার্চে মার্কিন নেতৃত্বাধীন জোটের বিমান হামলায় ৮৪ জন বেসামরিক মানুষ নিহত হয়েছে। সোমবার এক প্রতিবেদনে মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস ওয়াচ বলে, নিহত বেসামরিকদের ৩০ জন শিশু।
 
হিউম্যান রাইটস ওয়াচ জানিয়েছে, মার্কিন নেতৃত্বাধীন জোট মানসুরাহ এলাকায় বাস্তুচ্যুত পরিবারগুলোর আশ্রয়স্থল হওয়া একটি স্কুল ও তাবকায় একটি বাজার ও বেকারিতে হামলা করে। প্রত্যক্ষদর্শীরা নিশ্চিত করেছেন, ঘটনাস্থলে আইএস জঙ্গিরা ছিল তবে ব্যাপক সংখ্যক বেসামরিক জনগণও ছিল।
 
হিউম্যান রাইটস ওয়াচের জরুরি সেবার ডেপুটি ডিরেক্টর ওলে সোলভাং বলেন, এই হামলায় স্কুলে আশ্রয় নেয় শিশু ও বেকারিতে রুটি কিনতে লাইনে দাঁড়ানো মানুষ নিহত হয়েছে। যদি যৌথ বাহিনী বেসামরিক জনগণের উপস্থিতি সম্পর্কে অবগত না থেকে হামলা চালিয়ে থাকে তাহলে তারা যে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে হামলা চালিয়েছে সেটায় তাদের আরেকবার দেখা উচিত, কারণ এটা পরিষ্কার যে সেটা সঠিক ছিল না।
 
২০ মার্চ মানসুরাহর বাদিয়া স্কুলে দুটি হামলায় ১৬ শিশুসহ ৪০ জন নিহত হয়। মার্চ ২২ তাবকায় বেকারি ও মার্কেটে চালানো হামলায় ৪৪ জন নিহত হয় যার মধ্যে ১৪ জন শিশু। গত নভেম্বর থেকে কুর্দি-আরব জোট সিরিয়া ডেমোক্রেটিক ফোর্সকে (এসডিএফ) রাকা পুনর্দখলে সহায়তা করছে।  
 
গত আগস্টে মার্কিন নেতৃত্বাধীন জোট স্বীকার করেছিল, আইএস বিরোধী বিমান হামলায় ২০১৪ সাল থেকে ৬২৪ জন বেসামরিক ব্যক্তি নিহত হয়েছে। কিন্তু মানবাধিকার সংস্থার দাবি প্রকৃত সংখ্যা অনেক বেশি।    
 
ইত্তেফাক/সাব্বির