উল্টো পথে আবারো ধরা সেই সচিবের গাড়ি

উল্টোপথে গাড়ি নিয়ে এসে এবার পুলিশের জালে ধরা পড়লেন পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের ভারপ্রাপ্ত সচিব মাফরুহা সুলতানা। 
 
ফের উল্টো পথে গাড়ি চালিয়ে ধরা পড়েছেন সেই চালক বাবুল মিয়া। পার্থক্য শুধু এই, রবিবার তিনি ধরা পড়েছিলেন হেয়ার রোডে। আর সোমবার সন্ধ্যায় ধরা পড়েছেন বাংলা মোটর এলাকায়। এদিন একইভাবে আসা পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার একজন কর্মকর্তার গাড়িসহ বেশ কিছু মোটরসাইকেল জরিমানা করেছে ট্রাফিক পুলিশ। 
 
আগের দিন রবিবার বিকেলে হেয়ার রোডে উল্টোপথে গাড়ি চালিয়ে জরিমানা গুণতে হয় সমাজকল্যাণ প্রতিমন্ত্রী নুরুজ্জামান আহমেদসহ, সচিব, পুলিশ কর্মকর্তা, সাংবাদিক ও বিচারককে। এদিন ৫০টির মতো গাড়ি আটকিয়ে জরিমানা ও মামলা দেয় পুলিশ। 
 
পুলিশ সূত্র জানায়, বিকাল সাড়ে ৪টার দিকে উল্টোপথে গাড়ি চলা ঠেকাতে বাংলা মোটর এলাকায় অভিযান শুরু করে ট্রাফিক পুলিশ। সন্ধ্যা পৌনে ৬টার দিকে পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের ভারপ্রাপ্ত সচিব মাফরুহা সুলতানার গাড়ি (ঢাকা মেট্রো ঘ ১৫-৪৮৮৯) উল্টোপথে এলে পদ্মা ইসলামী লাইফ ইন্সুরেন্স ভবনের সামনে সেটি আটকায় পুলিশ সদস্যরা।
 
ট্রাফিক পুলিশ কর্মকর্তারা জানান, ড্রাইভিং লাইসেন্স ও প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় গাড়ির চালক বাবুল মিয়ার বিরুদ্ধে মামলার পাশাপাশি এই গাড়িকে জরিমানা করা হয়। গাড়িটি ঘুরিয়ে সোজা পথ দিয়ে আসার নির্দেশ দেয় পুলিশ। এ সময় সচিব মাফরুহা সুলতানা গাড়িতে থাকলেও সাংবাদিকদের সঙ্গে কথা বলতে রাজি হননি। একদিন আগে হেয়ার রোডে যেসব গাড়ি আটকানো হয় তার মধ্যে এই গাড়িও ছিল। আবার উল্টো পথে আসার কারণ জানতে চাওয়া হলেও চালক বাবুল মিয়া কোন উত্তর দেননি। 
 
এ অভিযানে নেতৃত্ব দেন ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার (ট্রাফিক) মোসলেহ উদ্দিন আহমেদ, যুগ্ম কমিশনার (ট্রাফিক) মফিজউদ্দিন আহমেদ, উপকমিশনার (দক্ষিণ) রিফাত আহমেদ শামীমসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা। 
 
অভিযান শেষে অতিরিক্ত কমিশনার মোসলেহউদ্দিন আহমেদ সাংবাদিকদের বলেন, বিকাল সাড়ে ৪টার দিকে বাংলামটরে তারা অভিযান শুরু করেন। উল্টোপথে আসায় দুটি গাড়ি ও সাতটি মটরসাইকেল আটকানো হয়। তিনি ঢাকার বিভিন্ন জায়গায় ট্রাফিক পুলিশের এই অভিযানে উল্টোপথে আসা মোট ৩০০টি গাড়ি আটকে মামলা দেয়া হয়েছে। আমাদের এই অভিযান প্রায়ই চালানো হবে।
 
 
ইত্তেফাক/ইউবি