উত্পাদন খরচ বেড়ে যাওয়ায় হারিয়ে যাচ্ছে বাবুগঞ্জের তাঁত শিল্প

এক সময় বাবুগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকায় ৫ শতাধিক পরিবারের তাঁত শিল্পের উপর নির্ভর করে জীবন-জীবিকার চাকা ঘুরতো। বর্তমানে যুগের আধুনিকায়ন, কাঁচামালের অভাব ও উত্পাদন খরচ বেড়ে যাওয়া, সঠিক মূল্য না পাওয়াসহ বিভিন্ন কারণে হারিয়ে যেতে বসেছে বাবুগঞ্জের তাঁত শিল্প। এতে এ শিল্পের সঙ্গে জড়িতরা আর্থিক ক্ষতির সম্মুখীন হয়েছেন।

সরকারি পৃষ্ঠপোষকতা পেলে এ শিল্প দেশের চাহিদা মিটিয়ে বিদেশেও রফতানি করে বৈদেশিক মুদ্রা অর্জন সম্ভব বলে মনে করেন এর সঙ্গে সংশ্লিষ্টরা। এক সময় বাবুগঞ্জের চাঁদপাশা ইউনিয়নের কালিকাপুর, দেহেরগতি ইউনিয়নের রাকুদিয়া এবং জাহাঙ্গীরনগর ইউনিয়নের রমজানকাঠি গ্রামের ৫ সহস্রাধিক পরিবার এ পেশার সঙ্গে জড়িত ছিলো। এসব এলাকার তাঁতিদের হাতের নিপুণ ছোয়ায় তৈরি হতো রং বেরংয়ের সুঁতোয় বোনা চাদর, মোটা কাপড়, সোয়েটার, বেড কভার, গামছা, লুঙ্গি, ওড়নাসহ নানা ধরনের সরঞ্জাম; কিন্তু বর্তমানে কাঁচামালের দাম বেশি ও বিক্রয়মূল্য কম হওয়ায় লাভ হচ্ছে না কারিগরদের। প্রয়োজনীয় পৃষ্ঠপোষকতা ও মূলধনের অভাবে অনেকেই দাদন ব্যবসায়ীদের খপ্পরে পড়ছেন।

উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আসমা বেগম বলেন, আমাদের সঙ্গে যোগাযোগ করলে নিয়ম অনুযায়ী ঋণ দেওয়ার চেষ্টা করবো।

ইত্তেফাক/নূহু