ফুলবাড়ীতে ২৬ কেজি গাঁজা জব্দ

 
কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার পূর্ব ফুলমতি এলাকা থেকে পুলিশ ২৬ কেজি গাঁজা জব্দ করেছে। এ ঘটনায় কাউকে আটক করতে পারেনি পুলিশ।
 
পুলিশ সূত্র জানায়, সোমবার রাত আটটার দিকে ফুলবাড়ী থানার এএসআই একরামুল হক সহ পুলিশ সদস্যরা উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের পূর্ব ফুলমতি এলাকায় মাদক উদ্ধার অভিযানে যান। এ সময় কয়েকজন মাদক ব্যবসায়ী গাঁজা নিয়ে লালমনিরহাট অভিমুখে যাওয়ার সময় পুলিশ তাদের ধাওয়া করেন। পুলিশের ধাওয়ায় পোটলা ফেলে পালিয়ে যায় মাদক ব্যবসায়ীরা। পরে ঘটনাস্থল থেকে পুলিশ গাঁজাগুলো জব্দ করে থানায় নিয়ে আসে। জব্দকৃত গাঁজার আনুমানিক মূল্য আড়াই লাখ টাকা।
 
ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ খন্দকার ফুয়াদ রুহানী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। এ ঘটনায় বালাতাড়ী গ্রামের মৃত নুর মোহাম্মদের ছেলে মাসুদ রানাকে (২৮) আসামি করে মামলা দায়ের করেছে।
 
ইত্তেফাক/জামান