হার্টে রিং পরানো হয়েছে অভিনেতা ডিপজলের

 
অভিনেতা-নির্মাতা মনোয়ার হোসেন ডিপজলকে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে গতকাল ২৫ সেপ্টেম্বর বিকেলে অস্ত্রোপচার হয়েছে। হার্টে একটি ব্লক ধরা পরেছে এবং সেখানে রিং পরানো হয়েছে বলে জানিয়েছেন নির্মাতা মনতাজুর রহমান আকবর।
 
মনতাজুর রহমান আকবর বলেন, গতকাল ডিপজল সাহেবকে এনজিওগ্রাম করা হয়। এর পরে ডাক্তার হার্টে একটি ব্লক পেয়েছেন সেখানে রিং পরিয়ে দিয়েছেন। ডাক্তার বলেছেন, দেড়মাস ডাক্তারের পর্যবেক্ষণে থাকতে হবে। তবে তিনি এখন ভালো আছেন।
 
গত মঙ্গলবার হঠাৎ অসুস্থ হয়ে পড়লে ডিপজলকে রাজধানীর ল্যাবএইড হাসপাতালে ভর্তি করা হয়। তিনি হৃদরোগে আক্রান্ত ছিলেন এবং তার ফুসফুসে পানি জমেছিল। এ কারণে চিকিৎসকরা তাকে করোনারি কেয়ার ইউনিটিতে (সিসিইউ) ভর্তি করেন।
IMG0
এরপর উন্নত চিকিৎসার জন্য বুধবার বিকেলে এয়ার অ্যাম্বুলেন্সে করে ডিপজলকে সিঙ্গাপুর নিয়ে যাওয়া হয়। ডিপজলের সঙ্গে সিঙ্গাপুর গেছেন তার স্ত্রী জবা ও মেয়ে ওলিজা মনোয়ার।
 
আশির দশকের শেষের দিকে সিনেমায় নাম লেখান এই খল-অভিনেতা। অসংখ্য দর্শকপ্রিয় সিনেমা উপহার দিয়েছেন তিনি। চলচ্চিত্রে অভিনয়ের পাশাপাশি ডিপজল প্রযোজনাও করছেন। তিনি রাজনীতি এবং ব্যবসার সাথেও জড়িত। সম্প্রতি পরিচালক মনতাজুর রহমান আকবরের ‘দুলাভাই জিন্দাবাদ’ ছবির কাজ শেষ করেছেন।
 
ইত্তেফাক/আনিসুর