বিজেপির ইস্তেহার প্রকাশ আজ

ভারতের লোকসভা নির্বাচনের প্রথম দফা শুরু হচ্ছে বৃহস্পতিবার। আর একেবারে শেষ মুহূর্তে আজ সোমবার ইস্তেহার প্রকাশ করছে দেশটির ক্ষমতাসীন দল ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। ইস্তেহার প্রকাশ অনুষ্ঠানে থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও বিজেপির সভাপতি অমিত শাহ।

নির্বাচনী প্রতিশ্রুতি নয়, এই ইস্তেহারকে ‘সংকল্প পত্র’ বলা হচ্ছে দলের তরফে। কী থাকবে সেই সংকল্প পত্রে, তা এখনও স্পষ্ট নয়। তবে মনে করা হচ্ছে উন্নয়ন ও দেশের নিরাপত্তার উপরই বেশি জোর দেবে গেরুয়া শিবির।

আরও পড়ুন : রাজধানীতে ট্রাকের ধাক্কায় ভ্যানচালক নিহত

এবার কংগ্রেস তার ইস্তেহারে তাদের ‘ন্যায়’ প্রকল্পের কথা জোর দিয়ে প্রকাশ করেছে। এতে কিছুটা হলেও চাপে বিজেপি। রাহুল গান্ধীর পরিকল্পনা মতো দেশের ২০ শতাংশ গরীব মানুষকে বছরে ৭২ হাজার টাকা দিতে হলে তাতেই বাজেটের ১৩ শতাংশ ব্যয় হবে। তাই এর পাল্টা বিজেপি কি বলে সেটাই দেখার।

রাজনৈতিক মহলের ধারণা কংগ্রেস যেমন দেশের অত্যন্ত গরীব একটি শ্রেণিকে টার্গেট করেছে, তেমনই বিজেপিও চাইবে মধ্যবিত্তদের ভোট পেতে। ফলে আজ বিজেপির ইস্তেহারে দেশের কৃষক, যুবা ও মহিলাদের জন্য বড় কোনো ঘোষণা করা হতে পারে।

ইত্তেফাক/কেআই