মির্জা ফখরুলের বিরুদ্ধে অভিযোগ শুনানি ১২ নভেম্বর

 
নাশকতার একটি মামলায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ ২৩ নেতাকর্মীর বিরুদ্ধে অভিযোগ গঠনের বিষয়ে শুনানি পিছিয়ে ১২ নভেম্বর ধার্য করেছে আদালত।
 
আজ মঙ্গলবার মামলাটি অভিযোগ গঠনের বিষয়ে শুনানির জন্য ধার্য ছিল। কিন্তু এদিন মামলার অন্যতম আসামি ব্যারিস্টার মওদুদ আহমেদ চিকিৎসার জন্য দেশের বাইরে থাকায় আদালতে হাজির হতে পারেননি। এজন্য তার পক্ষে আইনজীবী তাহেরুল ইসলাম তৌহিদ সময়ের আবেদন করেন।
 
শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম নূর নবী সময়ের আবেদন মঞ্জুর করে অভিযোগ গঠনের শুনানির নতুন তারিখ ১২ নভেম্বর ধার্য করেন। 
 
তবে এদিন প্রধান আসামি মির্জা ফখরুল ইসলাম আলমগীর আদালতে হাজিরা প্রদান করেন।
 
২০১৩ সালের ২ মার্চ রাজধানীর শাহজাহানপুর থানাধীন বাটা সু স্টোরের সামনে নাশকতা সৃষ্টির অভিযোগে মামলাটি দায়ের করা হয়। ওই বছর ২০ মার্চ ওই থানার এসআই রুহুল আমিন মুন্সি আদালতে অভিযোগপত্র দাখিল করেন।
 
ইত্তেফাক/কেকে