ত্রিশালের চিকনা মনোহর দিঘালিয়াপাড়া গ্রামে সোমবার রাতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মাদকসেবীর ছুরিকাঘাতে আবদুল মালেক (৩২) নামে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় খুনির বাবাকে আটক করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে, ওই গ্রামের বাবলুর মুদির দোকানের সামনে বসে সোমবার রাত ৯টার দিকে অন্যান্যদের সঙ্গে আড্ডা দিচ্ছিলেন মাসুদ (৩০) এবং নির্মাণ শ্রমিক আবদুল মালেক। এসময় তুচ্ছ বিষয় নিয়ে মালেক ও মাসুদের মধ্যে কথা কাটাকাটি হয়। কথা কাটাকাটির এক পর্যায়ে মালেকের ঘাড়ে মাসুদ ছুরিকাঘাত করেন। সঙ্গে সঙ্গে মালেক মাটিতে লুটিয়ে পড়েন।
তাকে উদ্ধার করে প্রথমে ত্রিশাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। পরে উন্নত চিকিৎসক জন্য চিকিৎসক তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ১০টার দিকে তার মৃত্যু হয়।
এ ঘটনায় মাসুদের বাবা মুক্তিযোদ্ধা সুবেদার নূরুল হককে আটক করেছে পুলিশ। খুনের ঘটনায় নিহতের বড় ভাই আবদুল বারেক বাদী হয়ে ৪ জনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেছেন।
ওসি জাকিউর রহমান জানান, খুনের জন্য ব্যবহৃত ছুরিটি উদ্ধার করা হলেও খুনি পলাতক রয়েছে।