রোহিঙ্গাদের ওপর ভয়াবহ গণহত্যা ও নির্যাতনের ঘটনা তদন্তে অবিলম্বে আন্তর্জাতিক তদন্ত কমিটি গঠন করে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দেয়ার দাবি জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান। আজ মঙ্গলবার ‘স্মৃতি চিরন্তন’ চত্বরে আয়োজিত এক মানববন্ধনে প্রধান অতিথির বক্তৃতায় এ দাবি জানান।
মিয়ানমারে রোহিঙ্গাদের ওপর বর্বরোচিত নির্যাতন বন্ধের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এই কর্মসূচির আয়োজন করে।
কর্মসূচিতে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. অহিদুজ্জামান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. কামাল উদ্দীন, ঢাবি শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল, সিন্ডিকেট সদস্য অধ্যাপক ড. খন্দকার বজলুল হক, বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আব্দুল আজিজ, শামসুন নাহার হলের প্রভোস্ট অধ্যাপক ড. সুপ্রিয়া সাহা, মুক্তিযোদ্ধা প্রাতিষ্ঠানিক ইউনিট কমান্ডের সদস্য গোলাম রব্বানী ও ঢাকা বিশ্ববিদ্যালয় অফিসার্স অ্যাসোসিয়েশনের সভাপতি সৈয়দ আলী আকবর বক্তৃতা করেন।
জাতিসংঘে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেয়া ৫ দফার প্রতি সমর্থন জানিয়ে উপাচার্য বলেন, অবিলম্বে মিয়ানমারে জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনী মোতায়েন করতে হবে এবং আন্তর্জাতিক সংস্থার তত্ত্বাবধানে রোহিঙ্গা শরণার্থীদের মিয়ানমারে প্রত্যাবর্তন ও পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে।
রোহিঙ্গা সংকটের স্থায়ী ও শান্তিপূর্ণ সমাধান নিশ্চিত করার দাবি জানিয়ে তিনি বলেন, ১ হাজার বছর ধরে রোহিঙ্গা মুসলিমরা মিয়ানমারে বসবাস করে আসছে। অথচ নিজ দেশে বারবার তাদের নির্যাতন ও নিপীড়নের শিকার হতে হচ্ছে। মিয়ানমার শাসক গোষ্ঠীর এই মানবতাবিরোধী কর্মকাণ্ডের বিরুদ্ধে অবস্থান গ্রহণের জন্য তিনি বিশ্ব সম্প্রদায়ের প্রতি আহ্বান জানান। বাসস।
ইত্তেফাক/এমআই