অবৈধভাবে খাদ্য মজুতের অভিযোগ তদন্ত করবে দুদক

দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান ইকবাল মাহমুদ বলেছেন, খাদ্য কর্মকর্তাদের যোগসাজশে অবৈধভাবে খাদ্য মজুতের অভিযোগ তদন্ত করার সিদ্ধান্ত নিয়েছেন দুদক।
 
আজ মঙ্গলবার রাঙ্গামাটি জেলায় অনুষ্ঠিত এক আলোচনাসভায় তিনি বলেন, খাদ্য বিভাগের একশ্রেণির কর্মকর্তার সঙ্গে যোগসাজশে বেশ কয়েকজনের মজুতদারের অবৈধভাবে খাদ্য মজুতের অভিযোগ পেয়েছি এবং তা প্রমাণ করার জন্য আমরা আনুষ্ঠানিকভাবে অভিযোগ গ্রহণ করেছি।
 
তিনি বলেন, মজুতদাররা অবৈধভাবে খাদ্য মজুত করে কৃত্রিম সংকট তৈরি করে পণ্যের দাম বাড়িয়ে মানুষের কাছ থেকে বাড়তি টাকা হাতিয়ে নিচ্ছে। ইকবাল মাহমুদ বলেন, সরকারি কর্মকর্তাদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হলে দুর্নীতি দমন কমিশন (দুদক) দৃষ্টান্তমূলক আইনি পদক্ষেপ গ্রহণ করবে।
 
‘দুর্নীতি-মুক্ত সরকারি সেবাসমূহ : দুর্নীতির অভিযোগের ধরণ’ শীর্ষক আলোচনা সভায় সভাপতিত্ব করেন, রাঙ্গামাটি জেলা প্রশাসক মো. মঞ্জুরুল মান্নান। 
 
রাঙ্গামাটি জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত সভায় আরও বক্তৃতা করেন-দুর্নীতি দমন কমিশনের (দুদক) সচিব শামসুল আরেফিন। বাসস।
 
ইত্তেফাক/এমআই