বঙ্গবন্ধু ডিজিটাল বিশ্ববিদ্যালয়ের কাজ শিগগিরই শুরু হবে: মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী

 
মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেছেন, গাজীপুরের কালিয়াকৈরে হাইটেক পার্ক হবে সবচেয়ে উন্নত মানের এবং সেখানে একটি ডিজিটাল বিশ্ববিদ্যালয় হচ্ছে। যেটার কাজ শিগগিরই শুরু হবে। বঙ্গবন্ধুর নামে বঙ্গবন্ধু ডিজিটাল বিশ্ববিদ্যালয় স্থাপনের জন্য সেখানে ৮০ একর জমির ব্যবস্থা করা হয়েছে।
 
তিনি মঙ্গলবার দুপুরে জেলা শহরের জোড়পুকুর পাড় এলাকায় অবস্থিত গাজীপুর মেট্রোপলিটন কলেজ ও ইনস্টিটিউটের নতুন ক্যাম্পাসের উদ্বোধন এবং চলতি শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
 
কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি কাজী আলিম উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সংসদ সদস্য জাহিদ আহসান রাসেল, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার কাজী মোজাম্মেল হক।
 
অনুষ্ঠানে বক্তব্য রাখেন ভাওয়াল বদরে আলম সরকারি কলেজের অধ্যক্ষ জেরিনা সুলতানা, গাজীপুর সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ ফেরদৌসী পারভিন, টঙ্গী সরকারি কলেজের অধ্যক্ষ মো. রফিকুল ইসলাম, প্রফেসর এম এ বারী, সহকারি অধ্যাপক মো. মুকছুদুর রহমান, আওয়ামী লীগ নেতা আব্দুল হাদী শামিম প্রমুখ।
 
ইত্তেফাক/ আরকেজি