গাজীপুরে ভূয়া চিকিৎসকের কারাদণ্ড

গাজীপুরে রোগী দেখার সময় এক ভূয়া এমবিবিএস চিকিৎসককে ১ লাখ টাকা জরিমানা অনাদায়ে তিন মাসের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত।

এসএসসি পাস ঐ ব্যক্তি অন্যের নামের অংশ নিজের নামের সঙ্গে সংযোজন করে ভূয়া এমবিবিএস চিকিৎসক সেজে প্রতারণা করে আসছিলেন। মঙ্গলবার বিকেলে সালনা এলাকায় অভিযান চালিয়ে তাকে হাতেনাতে আটক করার পর গাজীপুরের নির্বাহী ম্যাজিস্ট্রেট জুবের আলম ও পার্সিয়া সুলতানা ওই দণ্ড প্রদান করেন।

গাজীপুরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রাসেল মিয়া জানান, এক ব্যাক্তি চিকিৎসার নামে মানুষের সঙ্গে প্রতারণা করছে এমন অভিযোগ পেয়ে মঙ্গলবার বিকেলে সালনা রেলওভার ব্রিজের পাশে মেডিল্যাব ডায়াগনিস্টিক সেন্টারে অভিযান অভিযান চালানো হয়। এ সময় এসএসসি পাস আজহারুল ইসলাম (৩৫) নামের এক যুবক নিজের নামের শেষে মাসুদ যোগ করে নিজেকে এমবিবিএস চিকিৎসক পরিচয় দিয়ে ওই ডায়াগনিস্টিক সেন্টারে রোগী দেখছিলেন।

বিএমডিসি’র ওয়েবসাইটে খোঁজ নিয়ে দেখা গেছে তিনি তার নামের পাশে যে রেজিস্ট্রেশন নম্বর (৫৪১০৫) ব্যবহার করেছেন তা হলো মো. মাসুদ নামের এক এমবিবিএস চিকিৎসকের। পরে তাকে আটক করে জিজ্ঞাসাবাদ করলে প্রকৃত তথ্য ফাঁস হয়। পরে জানা গেছে তিনি প্রকৃতপক্ষে এসএসসি পাস। সে তার নামের সঙ্গে মাসুদ নামের এমবিবিএস চিকিৎসকের নাম ও রেজিস্টেশন নম্বর ব্যবহার করে ওই প্রতিষ্ঠানে কাজ করে যাচ্ছিল।  

পরে বাংলাদেশ মেডিক্যাল এন্ড ডেন্টাল কাউন্সিল এ্যাক্টে তাকে এক লাখ টাকা জরিমানা অনাদায়ে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়।

জরিমানার টাকা পরিশোধ করতে না পারায় পরে তাকে কারাগারে পাঠানো হয়েছে।

ইত্তেফাক/নূহু