রোহিঙ্গা যতদিন আসবে মানবিক কারণে আশ্রয় দেব: স্বরাষ্ট্রমন্ত্রী

 
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, মিয়ানমারের নির্যাতিত রোহিঙ্গা নাগরিকরা যতদিন ধরে বাংলাদেশে আসবে মানবিক কারণে আমরা ততদিন তাদের আশ্রয় দেব। রোহিঙ্গারা মিয়ানমারের নাগরিক। আমাদের বিশ্বাস দেশটি তার নাগরিকদের ফিরিয়ে নেবে।
 
গতকাল মঙ্গলবার দুপুরে সচিবালয়ে মন্ত্রণালয়ের নিজ কক্ষে তিনি একথা বলেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ট্রাফিক আইন লঙ্ঘন করে উল্টোপথে চলা গাড়ির বিরুদ্ধে অভিযান চলবে। যারা উল্টোপথে গাড়ি চালান তাদের বিরুদ্ধে আমরা ব্যবস্থা নিচ্ছি।
 
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, মিয়ানমার সরকার সে দেশে সফরের আমন্ত্রণ জানিয়েছিল। দেশটির জাতীয় নিরাপত্তা উপদেষ্টা বাংলাদেশ সফরকালে এ আমন্ত্রণ জানান। আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম চলতি বছরের অক্টোবর মাসে সেখানে যাব। কিন্তু এরই মধ্যে রোহিঙ্গা নির্যাতন শুরু হয়। এখন আমাদের প্রধানমন্ত্রীর সম্মতি পেলে আমরা মিয়ানমার সফরে যাব।
 
মিয়ানমার সফরে কোন বিষয়ে আলোচনা হতে পারে—সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, রোহিঙ্গাদের ফিরিয়ে নেওয়া এবং মাদকের চোরাচালান রোধ নিয়ে আলোচনা হতে পারে। বাংলাদেশ নির্যাতনের শিকার রোহিঙ্গাদের আশ্রয় দেবে; কিন্তু কোনো সন্ত্রাসী বা বিচ্ছিন্নতাবাদীদের আশ্রয় দেবে না।
 
বাংলাদেশ সীমান্তে মিয়ানমারের হেলিকপ্টার ওড়ার বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, কোনো উসকানিতে পা দেবে না বাংলাদেশ। সীমান্তে মিয়ানমারের হেলিকপ্টার আসা আমাদের নিরাপত্তার জন্য হুমকি নয়, আমরা হুমকি মনেও করি না। আমরা চরম ধৈর্যের পরিচয় দিচ্ছি, সহ্য করছি। আমরা বিশ্বাস করি যেকোনো সমস্যা আলাপ-আলোচনা করে সমাধান করব।
 
উল্টোপথে গাড়ি চালানোর ব্যাপারে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, উল্টোপথে গাড়ি না চালাতে আমি বার বার অনুরোধ করেছি। তবে পুলিশ, ফায়ার সার্ভিস ও অ্যাম্বুলেন্স জরুরি কাজ করে, জরুরি সার্ভিস দেয়। তাই তাদের বিষয়টি একটু আলাদা করে দেখতে হবে।
 
ইত্তেফাক/আনিসুর