সাংবাদিক শিমুল হত্যা মামলার ৯ আসামি কারাগারে

 
সিরাজগঞ্জের শাহজাদপুরে দৈনিক সমকাল পত্রিকার শাহজাদপুর প্রতিনিধি আব্দুল হাকিম শিমুল হত্যা মামলার ৯ আসামি মঙ্গলবার বিকেলে সিরাজগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আত্মসমর্পণ করেছে। আদালতের বিচারক মো. হাবিবুর রহমান শুনানি শেষে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
 
আসামিরা হলেন শাহজাদপুরের নলুয়া গ্রামের মানিক মিয়া (২৫), পারকোলা কবরস্থানপাড়ার মৃত আব্দুল মান্নানের ছেলে মো. পীযুষ (৪৫), নলুয়া গ্রামের হাছেন আলী প্রামাণিকের ছেলে কালু মিয়া (২৮),  পোতাজিয়া গ্রামের সিথি কণ্ঠ ঘোষ ওরফে শিমুল (৪৮), পুকুরপাড় গ্রামের নিত্যানন্দ রায় (৪৮), বাড়াবিল মঙ্গলদহ গ্রামের মৃত তোয়াজ প্রামাণিকের ছেলে জহির প্রামাণিক (৩২), নলুয়া গ্রামের মো. আফছার আলী মোল্লার ছেলে জাহিদুল ইসলাম (৩৬), নলুয়া গ্রামের হোসেন আলী সরকারের ছেলে ছোট মানিক মিয়া (২৮) এবং নলুয়া দক্ষিণপাড়ার আফছার আলি প্রামাণিকের ছেলে রবিউল ইসলাম (৩০)।
 
শাহজাদপুর আমলি আদালতের জেনারেল রেকর্ড অফিসার (জিআরও) আতাউর রহমান এসব তথ্য জানিয়েছেন। এর আগে গত ২২ আগস্ট শাহজাদপুর আমলি আদালতে এ মামলার আরো সাত আসামি আত্মসমর্পণ করেন। এ নিয়ে এই মামলার ৩০ জন আসামি জেল হাজতে প্রেরণ করা হল। অভিযোগভুক্ত আরো আট আসামি এখনও পলাতক রয়েছেন।
 
উল্লেখ্য যে, চলতি বছরের ২ ফেব্রুয়ারি শাহজাদপুরে আওয়ামী লীগের দুপক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এ ঘটনার জের ধরে শাহজাদপুর পৌর মেয়র হালিমুল হকের বাসভবনে হামলার ঘটনা ঘটে। সেখানে পেশাগত দায়িত্ব পালনের সময় গুলিবিদ্ধ হয়ে আব্দুল হাকিম শিমুল আহত হয়ে পরের দিন মারা যান। এ ঘটনায় তার স্ত্রী নুরুন্নাহার বেগম বাদী হয়ে শাহজাদপুর থানায় মামলা দায়ের করেন। মামলায় মেয়র হালিমুল হক ও তার ভাইসহ ১৮ জনের নাম উল্লেখ ছাড়াও অজ্ঞাতনামাদের আসামি করা হয়। মামলার তদন্ত কর্মকর্তা শাহজাদপুর থানার তৎকালীন পরিদর্শক (তদন্ত) মনিরুল ইসলাম ঘটনার সময়ের ভিডিও ফুটেজ দেখে ৩৮ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগ দায়ের করেন।
 
ইত্তেফাক/জামান