শারদীয় দুর্গাপূজা, আশুরা ও গান্ধী জয়ন্তী উপলক্ষে বুধবার থেকে টানা ছয় দিন সাতক্ষীরার ভোমরা স্থল বন্দরের আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ থাকবে। ৩ অক্টোবর থেকে যথারীতি আবারও আমদানি-রফতানি কার্যক্রম শুরু হবে। তবে, এসময় ভোমরা স্থল বন্দরের ইমিগ্রেশন দিয়ে পাসপোর্ট যাত্রীরা যাতায়াত করতে পারবে।
ভোমরা স্থল বন্দর সিঅ্যান্ডএফ অ্যাসোসিয়েশনের সভাপতি কাজী নওশাদ দেলোয়ার রাজু জানান, ভারতের ঘোজাডাঙ্গা সিঅ্যান্ডএফ এজেন্ট এমপ্লয়ী কার্গো অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মিহির ঘোষের স্বাক্ষরিত একটি পত্রে জানানো হয়েছে, শারদীয় দুর্গাপূজা, আশুরা ও গান্ধী জয়ন্তী উপলক্ষে আজ বুধবার থেকে ২ অক্টোবর পর্যন্ত ঘোজাডাঙ্গা স্থল বন্দরের আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে।
ভোমরা স্থল বন্দর শুল্ক স্টেশনের তথ্য কর্মকর্তা বিকাশ বড়ুয়া বিষয়টি নিশ্চিত করে জানান, শুল্ক স্টেশন খোলা থাকলেও ভারত-বাংলাদেশ দু'দেশের সিঅ্যান্ডএফ এজেন্ট এ্যাসোসিয়েশন শারদীয় দুর্গাপূজা, আশুরা ও গান্ধী জয়ন্তী উপলক্ষে টানা ছয় দিন বন্দরের আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছেন। তবে, এই সময়ে ভোমরা বন্দরের ইমিগ্রেশন দিয়ে পাসপোর্ট যাত্রীরা যথারীতি যাতায়াত করতে পারবেন বলে তিনি আরো জানান।
ইত্তেফাক/জামান