নৌকাবাইচকে কেন্দ্র করে দ্বন্দ্বে কারণে গোপালগঞ্জের কাশিয়ানীতে ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন। উপজেলার চর আড়পাড়ায় কুমার নদে আজ বুধবার নৌকা বাইচ ও মেলার আয়োজন করা হয়।
পরে এই আয়োজনকে কেন্দ্র করে দস্তান ও আড়পাড়া গ্রামের লোকজন দু’ভাগে বিভক্ত হয়ে মুখোমুখি অবস্থান নেয়। দু’গ্রামের লোকজন সংঘাতে জড়িয়ে পড়ার আশঙ্কা দেখা দেয়। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে কাশিয়ানী উপজেলা প্রশাসন বুধবার সকালে ১৪৪ ধারার আদেশ জারি করে।
বুধবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এ আদেশ বহাল থাকবে। কোনো পক্ষই কুমার নদে নৌকা বাইচের আয়োজন ও নদী পাড়ে মেলা করতে পারবে না বলে কাশিয়ানী থানা পুলিশের পক্ষ থেকে সেখানে মাইকিং করা হয়েছে।
স্থানীয়রা জানিয়েছেন, প্রতিবছরই এ সময়ে চর আড়পাড়া গ্রামের কুমার নদে নৌকা বাইচের আয়োজন করা হয়। এ নৌকা বাইচকে কেন্দ্র করে নদী পাড়ে মেলা বসে আসছে।
তারা জানান, মহেশপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাসমত আলী সিকদারের চর আড়পাড়া গ্রামের লোকজন এতদিন ওই নদীতে নৌকা বাইচের আয়োজন করে আসছিল। কিন্তু এ বছর পাশের গ্রাম দস্তাইনের বাসিন্দা কাশিয়ানী উপজেলা চেয়ারম্যান জানে আলম বীরু মিয়ার ভাই শাহজাহান মিয়া একটি কমিটি করে একই স্থানে পৃথক নৌকা বাইচ ও মেলার আয়োজন করার ঘোষণা দেয়।
কাশিয়ানী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এএসএম মাঈনউদ্দিন জানান, বাইচ ও মেলা নিয়ে দুই গ্রুপ মুখোমুখি অবস্থান নিয়েছে। আইনশৃঙ্খলা অবনতি হতে পারে। এ আশঙ্কায় নৌকা বাইচ ও মেলার ওপর ১৪৪ ধারা জারি করা হয়েছে।
কাশিয়ানী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোক্তার হোসেন মোল্লা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে এ আশঙ্কায় প্রশাসন সেখানে ১৪৪ ধারা জারি করেছে।
ইত্তেফাক/এএম।