ডাকাতি হওয়া ২০ টন রড খুলনায় উদ্ধার, গ্রেফতার ২

বাগেরহাটের রামপালে কয়লাভিত্তিক তাপ বিদ্যুৎকেন্দ্রের উদ্দেশে যাওয়ার পথে ট্রাকসহ ডাকাতি হওয়া ২০ টন রড খুলনা থেকে উদ্ধার করা হয়েছে। 
 
বুধবার খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) গোয়েন্দা টিম নগরীর বয়রা বাজারের দুটি দোকানে অভিযান চালিয়ে এ রড উদ্ধার করে। এ ঘটনায় জড়িত সন্দেহে দুজনকে গ্রেফতার করা হয়েছে। এর আগে খুলনার ডুমুরিয়া উপজেলা এলাকা থেকে ডাকাতি হওয়া ট্রাকটিও উদ্ধার করা হয়। 
 
নগর গোয়েন্দা শাখা (ডিবি) সূত্র জানায়, গত ২০ সেপ্টেম্বর চট্টগ্রামের একটি ফ্যাক্টরি থেকে ২০ টন রড বোঝাই একটি ট্রাক রামপাল কয়লাভিত্তিক তাপ বিদ্যুৎকেন্দ্রের উদ্দেশ্যে রওনা হয়। পথিমধ্যে বাগেরহাটের ফকিরহাট উপজেলার নোয়াপাড়ার মোড়ে দুষ্কৃতিকারীরা ট্রাকটি থামিয়ে চালক ও হেলপারকে মারধর করে। পরে তাদের অজ্ঞান করে ফরিদপুরের ভাঙ্গা এলাকায় ফেলে দিয়ে ট্রাকসহ রড নিয়ে পালিয়ে যায়।
 
ইত্তেফাক/ইউবি