১০০ দিন পর দার্জিলিং ‘বন্ধ্’ প্রত্যাহার

পৃথক গোর্খাল্যান্ড রাজ্যের দাবিতে গত ১২ জুন থেকে দার্জিলিংয়ে শুরু হওয়া অনির্দিষ্টকালের বন্ধ্ একশ দিনেরও বেশি পার হওয়ার পর প্রত্যাহার করা হয়েছে। গোর্খা জনমুক্তি মোর্চার নেতা বিমল গুরুং একটি অডিও বার্তায় বন্ধ্ প্রত্যাহারের নির্দেশ দেন। 
 
বুধবার সকাল ছয়টা থেকে বন্ধ্ প্রত্যাহারের বিষয়টি কার্যকর হয়। এর আগে ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী গোর্খা জনমুক্তি মোর্চার নেতা বিমল গুরুংকে বন্ধ্ প্রত্যাহারের অনুরোধ করেন। স্বরাষ্ট্রমন্ত্রী আশ্বাস দেন, আগামী ১৫ দিনের মধ্যে দার্জিলিং সমস্যা সমাধানে কেন্দ্রীয় সরকার, পশ্চিমবঙ্গ রাজ্য সরকার ও পাহাড়ি দলের নেতাদের সঙ্গে ত্রিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হবে। স্বরাষ্ট্রমন্ত্রীর এই আশ্বাসে বন্ধ্ প্রত্যাহারের সিদ্ধান্ত নেয় গোর্খা জনমুক্তি মোর্চা। 
 
এর আগে গত ২৯ আগস্ট পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকে রাজ্য সচিবালয় নবান্নে এক সর্বদলীয় বৈঠক শেষে মোর্চার বিদ্রোহী নেতা বিনয় তামাং ১২ সেপ্টেম্বর পর্যন্ত বন্ধ্ প্রত্যাহার ঘোষণা দিয়েছিলেন। কিন্তু জনমুক্তি মোর্চার নেতারা তা মেনে না নেওয়ায় কার্যত বন্ধ্ প্রত্যাহার হয়নি। এ ঘটনায় মুখোমুখি হন বিমল গুরুং ও বিনয় তামাং। শুরু হয় পক্ষে বিপক্ষে মিছিল ও প্রতিবাদ-সমাবেশ। সে সময় বিমল গুরুং ঘোষণা দেন, ত্রিপক্ষীয় বৈঠক ছাড়া বন্ধ্ প্রত্যাহার হবে না। এবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংয়ের  ত্রিপক্ষীয় বৈঠকের ঘোষণার পর বন্ধ্ প্রত্যাহার করা হলো। বিবিসি ও হিন্দু।
 
ইত্তেফাক/সাব্বির