মেডিক্যাল ভর্তিতে গুজবে কান দিলে ভুল করবেন: স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম শিক্ষার্থী ও অভিভাবকদের উদ্দেশে বলেছেন, এমবিবিএস ভর্তি পরীক্ষায় প্রশ্নফাঁসের কোনো সুযোগ নেই। তাই কেউ গুজবে কান দিলে ভুল করবেন।
 
বুধবার সচিবালয়ে মেডিক্যাল ভর্তি পরীক্ষা নিয়ে আইন-শৃঙ্খলা সংক্রান্ত এক সভা শেষে মন্ত্রী শিক্ষার্থীদের উদ্দেশে আরো বলেন, ‘মাত্র কয়েক দিন সময় আছে, পড়াশোনা করুন। গুজবে কান দেবেন না। দিলে ভুল করবেন।’
 
এ সময় অভিভাবকদের উদ্দেশে তিনি বলেন, ‘গুজবে কান দিয়ে সন্তানের ভবিষ্যত্ নষ্ট করবেন না।’
 
২০১৭-১৮ শিক্ষাবর্ষে এমবিবিএস ভর্তি পরীক্ষা আগামী ৬ অক্টোবর অনুষ্ঠিত হবে। এতে মোট আবেদনকারী ৮২ হাজার ৮৫৬ জন। সরকারি-বেসরকারি মেডিক্যাল কলেজ মিলিয়ে আসন আছে ৯ হাজার ৩৪৩টি। এরমধ্যে ৩১টি সরকারি মেডিক্যাল কলেজের আসন সংখ্যা ৩ হাজার ৩১৮। অনুষ্ঠানে জানানো হয়, সারা দেশে ২০টি কেন্দ্রে এই ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এরমধ্যে ঢাকায় রয়েছে ৫টি কেন্দ্র। স্বাস্থ্যমন্ত্রী আরো বলেন, নিশ্চিদ্র নিরাপত্তার মধ্য দিয়ে এই ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
 

ইত্তেফাক/এএম।