কুমিল্লার তিতাস উপজেলা পরিষদের স্থগিত হয়ে যাওয়া নির্বাচনে চেয়ারম্যান পদে নৌকার প্রার্থী এবং তিতাস উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাহিনুল ইসলাম ওরফে সোহেল শিকদারকে গ্রেফতার করা হয়েছে। রবিবার দিবাগত রাতে ঢাকার যাত্রাবাড়ি এলাকা থেকে তাকে গ্রেফতার করেছে কুমিল্লা জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। হত্যা ও নির্বাচনী সহিংসতার ৩টি মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন ডিবি পুলিশ।
ডিবি সূত্রে জানা যায়, গত ২০১৬ সালের ৮ নভেম্বর সকাল ৮টার দিকে দাউদকান্দি উপজেলার গৌরিপুর এলাকায় তিতাস উপজেলার জিয়ারকান্দি ইউনিয়নের চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা মনির হোসেন সরকার ও তার ৪ সহযোগীকে এলোপাতাড়ি কুপিয়ে ও গুলি চালিয়ে গুরুতর আহত করা হয়। পরে তাদের উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক চেয়ারম্যান মনির হোসেন ও তার শ্যালক মহিউদ্দিনকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় নিহত মনির চেয়ারম্যানের স্ত্রী তাহমিনা আক্তার বাদী হয়ে দাউদকান্দি থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলাটি থানা থেকে ডিবি পুলিশের নিকট হস্তান্তর করা হলে ডিবি পুলিশ তদন্ত শেষে আদালতে চার্জশিট দাখিল করে। পরে ওই হত্যা মামলার অধিকতর তদন্ত শেষে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) সোহেল শিকদারকে প্রধান আসামি করে চার্জশিট দাখিল করার পর আদালত তার বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারি করে।
এছাড়া গত ৩১ মার্চ তিতাস উপজেলা পরিষদ নির্বাচন চলাকালে বিভিন্ন কেন্দ্রে সহিংসতার অভিযোগে তার বিরুদ্ধে ২টি মামলা দায়ের করা হয়।
আরো পড়ুন: নওগাঁয় চার লেনের কাজ শেষ না হতেই রাস্তায় ফাটল
গোপনে খবর পেয়ে রবিবার গভীর রাতে ডিবির এসআই মুহা. ইকতিয়ার উদ্দিন ঢাকার যাত্রাবাড়ি এলাকা থেকে তাকে গ্রেফতার করে কুমিল্লায় নিয়ে আসেন। বিকাল সোয়া ৩টায় ডিবির ওসি নাছির উদ্দিন মৃধা জানান, সোহেল শিকদারের বিরুদ্ধে হত্যা, বিস্ফোরক, নির্বাচনী সহিংসতাসহ বিভিন্ন অভিযোগ রয়েছে। দাউদকান্দি ও তিতাস থানায় দায়ের করা ৫টি মামলার মধ্যে ৩টি মামলায় তাকে গ্রেফতার দেখিয়ে আদালতে প্রেরণ করা হয়েছে।
ইত্তেফাক/অনি