জলঢাকা ইত্তেফাক সংবাদদাতাকে ২৪ ঘন্টার মধ্যে গ্রেপ্তার করার হুমকি দিলেন, জলঢাকা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।
নীলফামারীর জলঢাকায় বৃহস্পতিবার সকাল ১১টায় উপজেলা পরিষদ হলরুমে উপজেলা সন্ত্রাস ও নাশকতাবিরোধী কমিটির মাসিক সভা অনুষ্টিত হয়। এ সময় তিনি তার বক্তব্যে দৈনিক ইত্তেফাক জলঢাকা উপজেলা সংবাদদাতা তাইজুল ইসলাম তাজুকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন ও ২৪ ঘন্টার মধ্যে গ্রেপ্তার করার হুমকি দেন। উক্ত সভায় উপজেলা নির্বাহী অফিসার মুহা. রাশেদুল হক প্রধানের সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শহীদ হোসেন রুবেল।
উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শহীদ হোসেন রুবেল কি কারণে এমন বক্তব্য রাখেন তা জানা যায়নি।
এ বক্তব্যের ব্যাপারে শহীদ হোসেন রুবেলের মোবাইলে কল করলে তিনি ‘আমি এ বিষয়ে তোমার সঙ্গে পরে কথা বলছি’ বলে তিনি কল কেটে দেন।
এ ব্যাপারে উপজেলা আওয়ামী লীগের সভাপতি আনসার আলী মিন্টুর সঙ্গে যোগাযোগ করলে তিনি এ বিষয়টি নিন্দাজনক জানিয়ে বলেন, ঐ সভায় আমি ছিলাম না। তবে আমার দলের সাধারণ সম্পাদক কাজটি ঠিক করেন নাই। এটা ন্যাক্কারজনক।
এ ব্যাপারে জলঢাকা প্রেসক্লাব সাধারণ সম্পাদক মাহাবুবার রহমান মনি বলেন, এ ধরনের বক্তব্য সংবাদপত্রেরের জন্য হুমকিস্বরূপ। যিনি এ ধরনের বক্তব্য দিয়েছেন আমি তাকে অনুরোধ করব এ বক্তব্য তুলে নেওয়ার জন্য এবং ভবিষ্যতে এ ধরনের বক্তব্য পরিহার করার জন্য।
এ বিষয়ে স্বীকার করে উপজেলা নির্বাহী অফিসার মুহা. রাশেদুল হক প্রধান জনান, আজকের সভায় শহীদ হোসেন রুবেল যে বক্তব্য রেখেছেন তার কিছু বক্তব্য অপ্রাসঙ্গিক।
গতকাল বিকালে জলঢাকা মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে, দূর্গা মন্ডপের জন্য সার্বক্ষনিক দায়িত্বে থাকা আনসার, ভিডিপি সদস্য, সদস্যা ও গ্রাম পুলিশদের নিয়ে দূর্গা মণ্ডপে যাওয়ার আগ মুহূর্তে বিভিন্ন দিকনির্দেশনামূলক আলোচনা করেন জলঢাকা উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাঃ রাশেদুল হক প্রধান। এ সময় আরো উপস্থিত ছিলেন, জলঢাকা থানার ওসি মোস্তাফিজার রহমান ও উপজেলা আনসার, ভিডিপি কর্মকর্তা (ভারপ্রাপ্ত) নুরুন্নাহার বেগম প্রমুখ।
ইত্তেফাক/নূহু