গিয়েছিল সবাই পূজা দেখতে, এসে দেখল ঘরে আগুন জ্বলছে

 
বাড়ির সবাই গিয়েছিলেন দুর্গাপূজা দেখতে। কিন্তু ফিরে এসে দেখলেন ঘরে আগুন জ্বলছে। ঘটনাটি ঘটেছে হবিগঞ্জের নবীগঞ্জ শহরতলীর শিবপাশা এলাকার প্রয়াত ডা. বিহারী বাবুর বাড়িতে। বৃহস্পতিবার রাত পৌনে ৮টার দিকে এ ঘটনা ঘটে। এতে চারটি কক্ষ এবং ঘরের ভিতরে থাকা স্বর্ণালংকার, দলিল পত্রাদি ও নগদ টাকাসহ মূল্যবান মালামাল ভস্মীভূত হয়েছে। প্রায় ৩০ লাখ টাকার ক্ষতি হবে বলে জানা গেছে।
 
খবর পেয়ে নবীগঞ্জ ফায়ার সার্ভিস স্থানীয় লোকদের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনে। ক্ষতিগ্রস্ত পরিবার ও স্থানীয় লোকজন একে পরিকল্পিত নাশকতার ঘটনা বলে জানিয়েছেন। ঘটনার সময় পরিবারের লোকজন করগাও ইউপির তাজপুর এলাকায় শারদীয় দুর্গাপূজা উপভোগ করতে গিয়ে ছিলেন। যাবার আগে ঘরের গ্যাস সংযোগ এবং বিদ্যুৎ লাইন বন্ধ করে বের হন। অগ্নিকাণ্ডে রান্নাঘর অক্ষত ছিল, অগ্নিকাণ্ডের সময় শহরে বিদ্যুতও ছিল না। তবে আগুনের সূত্রপাত ঘটলো কিভাবে এটাই এখন প্রশ্নবিদ্ধ হয়ে দাঁড়িয়েছে।
 
ফায়ার সার্ভিসের লোকজনও আগুনের সূত্রপাত নির্ণয় করতে পারেনি। ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্য দিবাংশু শেখর দাশ রিন্টু জানান, বাসা থেকে বের হওয়ার আগে ভালভাবে গ্যাস সংযোগ, বিদ্যুৎ সংযোগ বন্ধ করে যান। পরিবারের দাবী পূর্ব আক্রোশে পরিকল্পিতভাবে ঘরে আগুন লাগানো হয়েছে।
 
খবর পেয়ে সিলেট রেঞ্জের অতিরিক্ত ডিআইজি নজরুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার, সার্কেল এএসপি, উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট আলমগীর চৌধুরী, মেয়র ছাবির আহমদ চৌধুরী, ওসি এসএম আতাউর রহমান প্রমুখ ঘটনাস্থল পরিদর্শন করে ক্ষতিগ্রস্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন। এ ঘটনায় নবীগঞ্জে আতঙ্ক দেখা দিয়েছে। এলাকাবাসী অগ্নিকাণ্ডের মূল রহস্য উদঘাটনের জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানান।
 
ইত্তেফাক/জামান