হাটহাজারীতে বিদ্যুৎস্পৃষ্টে শ্রমিকের মৃত্যু

 
উত্তর চট্টগ্রামের হাটহাজারী পৌরসভা এলাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক ডেকোরেশন শ্রমিকের মৃত্যু হয়েছে। শুক্রবার রাত ৯ টার দিকে ফটিকা এলাকায় দুর্গোপূজার একটি মণ্ডপে বৈদ্যুতিক সঞ্চালন লাইনে কাজ করার সময় বৈদ্যুতিক তারে হাত লেগে এ দুর্ঘটনা ঘটে। 
 
নিহত শ্রমিকের নাম আবদুল খালেক (২৬)। তিনি উপজেলার উত্তর মাদার্শা সৈয়দ আহমদের হাট (বটতল) এলাকার আবদুল কাদের চৌধুরী বাড়ির আবদুল ওয়াহাবের ছেলে। তিনি হাটহাজারী উপজেলার সন্নিকস্থ রূপসী ডেকোরেটার্স এ ইলেক্ট্রিশিয়ান হিসেবে কর্মরত ছিলেন।
 
স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার রাতে ফটিকা রাম লোকনাথ মন্দিরস্থ পূজামণ্ডপের সামনে বৈদ্যুতিক জেনারেটর চালু করে বৈদ্যুতিক সঞ্চালন লাইনে বাতি লাগাতে গিয়ে অসাবধানতায় তার হাত তারের সঙ্গে লেগে যায়। সঙ্গে সঙ্গে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিনি মাটিতে পড়ে যান। স্থানীয়রা উদ্ধার করে তাকে হাটহাজারীর আলিফ হসপিটালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
 
এ বিষয়ে হাটহাজারী মডেল থানার ওসি মো. বেলাল উদ্দিন জাহাঙ্গীর ইত্তেফাককে বলেন, ‘বিদ্যুতায়িত হয়ে এক ব্যক্তির মৃত্যুর খবর শুনেছি। পুলিশ ঘটনাস্থলে গিয়ে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নিচ্ছে।’
 
ইত্তেফাক/কেকে