১-২২ অক্টোবর মেঘনায় ইলিশ ধরা নিষেধ

 
১-২২ অক্টোবর পর্যন্ত ইলিশের ভরা প্রজনন মৌসুম। এই ২২ দিন লক্ষ্মীপুরের মেঘনা নদীতে ইলিশসহ সব প্রজাতির মাছ ধরার ওপর নিষেধাজ্ঞা জারি করেছে প্রশাসন।
 
নিষেধাজ্ঞার কারণে লক্ষ্মীপুরের রামগতি থেকে চাঁদপুরের ষাটনল পর্যন্ত ১০০ কিলোমিটার মেঘনা নদী এলাকায় মাছ ধরা যাবে না। এ সময় মাছ শিকার, পরিবহন, মজুদ, বাজারজাতকরণ ও বিক্রয় নিষিদ্ধ। আইন অমান্য করলে জেল অথবা জরিমানা, এমনকি উভয় দণ্ডের বিধান রয়েছে।
 
লক্ষ্মীপুর জেলা মৎস্য অফিস সূত্রে জানা গেছে, আশ্বিন মাসের বড় পূর্ণিমার আগের চার দিন, পূর্ণিমার দিন ও পরের ১৭ দিনসহ মোট ২২ দিন ইলিশের প্রজনন সময়। এ সময় সাগর থেকে ঝাঁকে ঝাঁকে মা ইলিশ এসে মেঘনায় ডিম ছাড়ে। একটি বড় ইলিশ ২৩ লাখ পর্যন্ত ডিম ছাড়তে পারে। বেশি ইলিশ উৎপাদনের লক্ষ্যে নির্বিঘ্নে যাতে মা ইলিশ ডিম ছাড়তে পারে সে জন্যই ইলিশসহ সব প্রজাতির মাছ ধরার ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়।
 
মা ইলিশ রক্ষা অভিযান সফল করতে লক্ষ্মীপুরে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। এ লক্ষ্যে লক্ষ্মীপুরের জেলা প্রশাসক হোমায়রা বেগম মেঘনাপাড়ের জেলেদের সঙ্গে সচেতনতামূলক সভা করছেন। পুলিশ প্রশাসন, মৎস্য অধিদফতর ও সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী কর্মকর্তাগণ স্থানীয় জন-প্রতিনিধিদের নিয়ে ইলিশের প্রজনন মৌসুম সফল করতে কাজ করছেন।
 
লক্ষ্মীপুর জেলা মৎস্য কর্মকর্তা এস এম মহিব উল্যাহ বলেন, ইলিশের প্রজনন ক্ষেত্রে ইলিশসহ সব মাছ শিকারে নিষেধাজ্ঞা জারি করেছে সরকার। এ সময়ে মাছ শিকার, পরিবহন, মজুদ ও বাজারজাতকরণ অথবা বিক্রি নিষিদ্ধ। এ আইন অমান্য করলে এক বছর থেকে দুই বছরের জেল অথবা জরিমানা এবং উভয় দণ্ডের বিধান রয়েছে।
 
ইত্তেফাক/জামান