মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলায় প্রতিপক্ষের হামলায় মাহবুব আলম (২৫) নামে আহত যুবক চিকিৎসাধীন অবস্থায় ঢাকায় একটি হাসপাতালে শনিবার ভোররাতে মারা গেছেন। গজারিয়া থানার এসআই ও সংশ্লিষ্ট মামলার তদন্ত কর্মকর্তা মো. আসাদুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ সূত্রে জানা যায়, ২৬ সেপ্টেম্বর রাতে ভবেরচর ইউনিয়নের পৈক্ষারপাড় এলাকায় পূর্ব শত্রুতা ও আধিপত্য বিস্তারের জের ধরে প্রতিপক্ষের হামলায় আহত মাহবুব আলমকে (২৫) জুইতার ফলাবিদ্ধ অবস্থায় প্রথমে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে, পরে ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়। সেখান থেকে ঢাকার ক্রিসেন্ট হাসপাতালে তাকে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মাহবুব মারা যান।
এ ঘটনায় স্থানীয় ভবেরচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার সাহিদ মো. লিটন ও তার দশ অনুসারীকে আসামি করে বুধবার গজারিয়া থানায় মামলা রুজু করা হয়। মাহবুব আলমের ভাবী রুজিনা বেগম বাদী হয়ে ভবেরচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানসহ তার অনুসারী পৈক্ষারপাড় গ্রামের দশজনের নাম উল্লেখ ও অজ্ঞাত ৩ থেকে ৪ জনের বিরুদ্ধে এই মামলা দায়ের করেছিল। গজারিয়া মামলার তদন্তকারী কর্মকর্তা গজারিয়া থানার এসআই মো. আসাদুজ্জামান জানান, এজাহারভুক্ত আসামি পৈক্ষারপার গ্রামের ইয়াকুব আলীর ছেলে নূরে আলমকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। তিনি আরো জানান, আইন অনুযায়ী মামলাটি হত্যা মামলায় রূপান্তর করা হবে।
ইত্তেফাক/জামান