ফরিদপুরের ভাঙ্গায় শনিবার বিকেলে পৌরভবন চত্বরে আওয়ামী লীগে যোগদান অনুষ্ঠান হয়েছে। এসময় বিভিন্ন সংগঠনের অর্ধশতাধিক নেতা-কর্মী আওয়ামী লীগে যোগ দেন।
পৌর আওয়ামী লীগের উদ্যোগে আয়োজিত ওই অনুষ্ঠানের প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য ও ফরিদপুর-৪ আসনের সাবেক সাংসদ কাজী জাফরউল্লাহ। যোগদান অনুষ্ঠানে বিএনপি ও বিভিন্ন অঙ্গ সংগঠনের অর্ধশতাধিক নেতা-কর্মী কাজী জাফরউল্লাহর হাতে ফুলের নৌকা তুলে দিয়ে আওয়ামীলীগে যোগদান করেন।
এসময় প্রধান অতিথি কাজী জাফরউল্লাহ বলেন, দেশ আজ উন্নয়নের মহাসড়কে, পদ্মা সেতু আজ সত্যিকার রূপ নিয়েছে, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশকে বিশ্ব দরবারে মাথা উঁচু করে দাড় করিয়েছেন। এরই ধারাবাহিকতা অনুসরণ করে তার নেতৃত্বকে সম্মান করে শেখ হাসিনার হাতকে আরো শক্তিশালী করতে সারা দেশেই আজ নেতা-কর্মীরা যোগ দিচ্ছে আওয়ামী লীগে। আগামীতে নৌকায় ভোট দিয়ে আওয়ামী লীগকে পুনরায় ক্ষমতায় আনতে সকলে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।
পৌর আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র আবু রেজা মো. ফয়েজ এর সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি মিরন হাওলাদার, যুগ্ম সাধারণ সম্পাদক আকরামুজ্জামান রাজা, পৌর আওয়ামী লীগের সম্পাদক শহিদুল হক মিরু মুন্সি, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান এনামুল হক অপু, ডা. রেজাউল করিম, ডা. হাফিজুর রহমান হানিফ, পারভেজ আহম্মেদ, সফিউল আলম, খালেদ খান, হাসান চাকলাদার প্রমুখ।
ইত্তেফাক/জামান